পুজোর মুখে বেতন ও বোনাসের দাবি, বালুরঘাট হাসপাতালে বিক্ষোভ ঠিকাকর্মীদের নিজস্ব সংবাদদাতা, ১২ অক্টোবর, বালুরঘাট:- পুজোর মুখেও জোটেনি বেতন, মেলেনি বোনাস। সংসার চালানোই দায় উৎসবের কেনাকাটা তো দূরের কথা! বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিকাকর্মীদের একাংশের এমনই অভিযোগ ঘিরে তৈরি হয়েছে ক্ষোভ। সোমবার বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সরব হন ওয়ার্ড বয় নিরাপত্তারক্ষী ও হাউসকিপিং বিভাগের প্রায় ১৭৫ জন কর্মী। দ্রুত সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। কর্মীদের অভিযোগ সিএফএস নামে একটি সংস্থার অধীনে দীর্ঘদিন ধরে হাসপাতালে কাজ করলেও নিয়মিত বেতন মেলে না। কখনও বেতন পেতে ৫২ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। বেতন সংক্রান্ত পে-স্লিপও ঠিকমতো দেওয়া হয় না। বেতনের দাবিতে সরব হলে কাজ থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পুজোর আগে বেতন ও বোনাস না মেলায় চরম আর্থিক সঙ্কটে পড়েছেন কর্মীরা। কর্মী দীপক রবিদাসের অভিযোগ গত তিন বছর ধরে এই সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা। তাঁর কথায় আমরা নিয়মিত হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা-সহ বিভিন্ন কাজ করি। অথচ সময়মতো বেতন পাই না। পুজোর আগে টাকা না পেলে কেনাকাটা করব কী করে? সরকারের কাছে আমাদের আবেদন বিষয়টিতে নজর দেওয়া হোক। আর এক কর্মী আনোয়ার হোসেন বলেন মাসে আট-ন’হাজার টাকা বেতন পাই। সেই টাকাও না পেলে সংসার চলবে কী করে? অবিলম্বে বেতন ও বোনাস না মিললে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। কর্মীদের দাবি প্রতিবাদ চললেও হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তাঁরা। এখন দেখার পুজোর আগে তাঁদের বকেয়া মেটাতে সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষ কী পদক্ষেপ করে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর পুজোর মুখে বেতন ও বোনাসের দাবি, বালুরঘাট হাসপাতালে বিক্ষোভ ঠিকাকর্মীদের


























