পুজোর প্রাক্কালে ফের ছিনতাইয়ের ঘটনা শামুকতলা থানা এলাকায়

0
21

আলিপুরদুয়ার : পুজোর প্রাক্কালে ফের ছিনতাইয়ের ঘটনা শামুকতলা থানা এলাকায়।‌ এক ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ ৩৮ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার শামুকতলা রোডের তালেশ্বরগুড়ি চৌপথি সংলগ্ন এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম স্বপন পাল। বাড়ি কামাখ্যাগুড়ি এলাকায়। তিনি এদিন শামুকতলা থেকে যশোডাঙ্গার দিকে যাচ্ছিলেন। সঙ্গে ছিল দোকান বিক্রির ২ লক্ষ ৩৮ হাজার টাকা। ঋণ পরিশোধের জন্য ওই টাকা নিয়ে বের হয়েছিলেন তিনি।

অভিযোগ, যশোডাঙ্গা যাওয়ার পথে তালেশ্বরগুড়ি চৌপথির কাছে বাইকে আসা হেলমেট পড়া দুই ব্যক্তি তাকে থামায়। যশোডাঙ্গা যাওয়ার রাস্তা কোনটা জানতে চায়। সেই সময়ই আচমকা তার মুখে কিছু স্প্রে করে দেয় দুষ্কৃতীরা। এরপর গলায় দড়ি লাগিয়ে টেনে জঙ্গলের ভেতরে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্বপন পাল। তার বাইকে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

কিছুক্ষণ পর জঙ্গল থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসেন ওই ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দারা তাকে দেখতে পেয়ে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে। ।

খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পুজোর মুখে প্রকাশ্য রাস্তায় এমন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।