রাজগঞ্জ থেকে পাঞ্জাবগামী ট্রাকের চা-পাতি উধাও, বিহার থেকে গ্রেফতার ২ উদ্ধার ২০০ কেজি চা-পাতি

0
24

*_*রাজগঞ্জের বলরাম এলাকা থেকে চা-পাতি বোঝাই করে পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি ট্রাক। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথে উধাও হয়ে যায় ট্রাকের মাল।ঘটনার তদন্তে নেমে বিহার থেকে ট্রাকের চালক ও এক সহকারীকে গ্রেফতার করল ভোরের আলো থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০কেজি চা-পাতি।পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত মাসের ৩তারিখ বলরাম এলাকা থেকে একটি ট্রাকে চা-পাতি বোঝাই করে পাঞ্জাবের উদ্দেশ্যে পাঠানো হয়। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে সেই মাল পৌঁছয়নি।এরপর গত ১১সেপ্টেম্বর ভোরের আলো থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।তদন্তে নেমে ওড়িশা,ঝাড়খণ্ড,উত্তরাখণ্ড,উত্তরপ্রদেশ,বিহার-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালান তদন্তকারীরা।অবশেষে চলতি মাসের ৩তারিখ বিহার থেকে দুজনকে গ্রেফতার করা হয়।ধৃতরা হলেন বিহারের বাসিন্দা বাসুকি কুমার মণ্ডল এবং উত্তরপ্রদেশের বাসিন্দা ললিত কুমার মণ্ডল।ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার পর বিহারের আরারিয়া এলাকা থেকে ৩৯প্যাকেট,প্রায় ২০০কেজি চা-পাতি উদ্ধার করা হয়।এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না,পাশাপাশি ট্রাকের বাকি মাল কোথায় গেল,তা খতিয়ে দেখছে ভোরের আলো থানার পুলিশ।পুরো ঘটনার তদন্ত চলছে।*_