মাঠের ধান এবার পাড়ি দেবে বিশ্ববাজারে! দক্ষিণ দিনাজপুরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভাবনা
বালুরঘাট, ৩০ সেপ্টেম্বর—মাঠে ধান ফলছে। এ বার সেই ধানকে ঘিরেই জেলার অর্থনীতির নতুন দরজা খোলার ভাবনা। উৎপাদিত ধান থেকে উন্নত মানের চাল তৈরি করে বৃহত্তর বাজার, এমনকি বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখা শুরু হল। বুধবার বালুরঘাটের সার্কিট হাউসে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই পরিকল্পনার কথা জানালেন রাজ্যের কৃষি উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী অমিয় কিষ্কু।
কৃষিভিত্তিক দক্ষিণ দিনাজপুরে কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রের উৎপাদনকে কী ভাবে শিল্পের সঙ্গে যুক্ত করা যায়, বৈঠকে তা নিয়েই মূলত আলোচনা হয়। জেলার ধান-সহ বিভিন্ন কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ করে তার মূল্য বৃদ্ধি, বাজারজাতকরণ এবং কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা আরও কার্যকর ভাবে পৌঁছে দেওয়ার বিষয়টিও উঠে আসে।
মন্ত্রী বলেন, দক্ষিণ দিনাজপুর কৃষিভিত্তিক জেলা। এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প আনা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। জেলার উৎপাদিত ধান কী ভাবে বিশ্ববাজারে পৌঁছে দেওয়া যায় এবং ধান থেকে উন্নত মানের চাল উৎপাদন করে বাজারজাত করা যায়, সেই বিষয়েও আলোচনা হয়েছে।
কৃষিকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি চাঙ্গা করা, কর্মসংস্থান তৈরি এবং কৃষকদের আর্থিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে আগামী দিনে সম্ভাব্য প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এদিনের এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুরের জেলাশাসক বালাসুব্রামানিয়ান টি, বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, বুধরাই টুডু, তাপস রায়-সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা।




















