দীর্ঘদিনের অপেক্ষার অবসান?ফাঁসিদেওয়ার লিম্বুটারিতে রবীন্দ্র ভারতীর দ্বিতীয় ক্যাম্পাস চালুর উদ্যোগ,জমি পরিদর্শনে বিধানসভার স্পিকার
শিলিগুড়ি:-
দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে অবশেষে তৎপরতা শুরু হল উত্তরবঙ্গে।ফাঁসিদেওয়ার লিম্বুটারিতে প্রায় ৭০একর জমিতে গড়ে ওঠার কথা এই ক্যাম্পাসের।বামফ্রন্ট সরকারের আমলে ক্যাম্পাস তৈরির পরিকল্পনা নিয়ে শিলান্যাস করা হলেও পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্যত থমকে যায় প্রকল্পের কাজ।দীর্ঘদিন ধরে জমি পড়ে থাকলেও সেখানে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালুর বিষয়ে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি।অবশেষে রাজ্যে নতুন সরকার গঠনের পর সেই অসমাপ্ত প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী হল বর্তমান সরকার।উত্তরবঙ্গের শিল্প, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীদের সংগীত,নৃত্য,নাটক এবং অন্যান্য শিল্পকলার উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে এই ক্যাম্পাসের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।এতদিন এই ধরনের পড়াশোনার জন্য বহু শিক্ষার্থীকে কলকাতার উপর নির্ভর করতে হত।ফাঁসিদেওয়ায় ক্যাম্পাস চালু হলে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।এই ক্যাম্পাস চালুর দাবিতে সম্প্রতি উদ্যোগ নেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল।তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ফাঁসিদেওয়ার লিম্বুটারিতে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত চালুর আবেদন জানান।পরবর্তীতে বিষয়টি রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের কাছেও তুলে ধরেন জেলা সভাপতি।এরপরই ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে উদ্যোগ নেওয়া হয়।সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে এদিন ফাঁসিদেওয়ার লিম্বুটারিতে অবস্থিত প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শন করেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস।প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি গোটা এলাকা ঘুরে দেখেন এবং ক্যাম্পাসের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মণ্ডল।পরিদর্শনের সময় ফাঁসিদেওয়ার বিধায়ককে উপস্থিত না পেলেও সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন স্পিকার।ক্যাম্পাস চালুর ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে,পরিকাঠামো কতটা প্রস্তুত এবং দ্রুত কাজ শুরু করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন,তা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।পাশাপাশি দ্রুত একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে মনে করা হচ্ছে।পরিদর্শন শেষে স্পিকার রথীন্দ্র বোস জানান,রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যেই খোঁজখবর শুরু করেছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও তাঁর কথা হয়েছে।উপাচার্য গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন।এরপরই সরেজমিনে পরিস্থিতি দেখতে লিম্বুটারিতে আসেন তিনি।স্পিকারের বক্তব্য,উত্তরবঙ্গের নিজস্ব শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।এখানকার সংগীত,লোকশিল্প,নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক ধারাকে আরও সমৃদ্ধ করার যথেষ্ট সুযোগ রয়েছে।রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস চালু হলে উত্তরবঙ্গের সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।একইসঙ্গে এখানকার ছাত্রছাত্রীরা নিজেদের এলাকায় থেকেই শিল্পকলার উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন।তিনি আরও জানান,এই ক্যাম্পাস চালুর বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক এবং দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।দীর্ঘদিন ধরে অবহেলিত উত্তরবঙ্গের উন্নয়ন এবং শিক্ষার সুযোগ বাড়ানোর ক্ষেত্রে বর্তমান সরকার যে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, এই উদ্যোগ তারই একটি উদাহরণ বলে দাবি করেন তিনি।স্পিকার বলেন,ক্যাম্পাস চালু হলে শিল্প ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ে পাঠদানের জন্য উত্তরবঙ্গের শিক্ষার্থীদের আর কলকাতায় যেতে হবে না।ফলে সময় ও খরচ দুটোই কমবে।পাশাপাশি উত্তরবঙ্গের সাংস্কৃতিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনার পর ক্যাম্পাস চালুর বিষয়ে তাঁরা আশাবাদী বলেও জানান তিনি।শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নয়,লিম্বুটারিতে একটি সিএবি অনুমোদিত স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনার কথাও এদিন জানান স্পিকার রথীন্দ্র বোস।তাঁর দাবি,এই এলাকায় শিক্ষা ও ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে উত্তরবঙ্গের সার্বিক বিকাশের নতুন দিশা তৈরি করা সম্ভব।দীর্ঘদিন ধরে জমি পড়ে থাকার পর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে নতুন করে প্রশাসনিক তৎপরতা শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই আশার আলো দেখছেন সংশ্লিষ্ট মহল।তবে কবে থেকে ক্যাম্পাসে নিয়মিত পঠনপাঠন শুরু হবে,কী কী বিষয় পড়ানো হবে এবং পরিকাঠামো নির্মাণের কাজ কত দ্রুত সম্পন্ন হবে,এখন সেই দিকেই নজর রয়েছে উত্তরবঙ্গবাসীর।



















