টাকা না দিলেই কেস! হিলিতে ফেন্সিডিল-পকসো মামলার ভয় দেখিয়ে তোলাবাজি, এএসআইয়ের বিরুদ্ধে নালিশ

0
75

টাকা না দিলেই কেস! হিলিতে ফেন্সিডিল-পকসো মামলার ভয় দেখিয়ে তোলাবাজি, এএসআইয়ের বিরুদ্ধে নালিশ

বালুরঘাট, ২১ নভেম্বর — চোরাচালান বন্ধ, হিলিতে হাহাকার পুলিশের! পকেট ভরতে নিরীহ বাসিন্দাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তোলাবাজি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। হিলি থানার এক এএস আয়ের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর লিখিত অভিযোগ জানিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এক জল বিক্রেতা। শুধু তাই নয়, ফেসবুক লাইভের মাধ্যমে ওই পুলিশ অফিসার নিউটন সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে তোলাবাজির ক্ষোভ উগড়ে দেন পেশায় টোটো চালক ও জল বিক্রেতা নয়ন দেবনাথ নামে হিলির মহিষনোটা গ্রামের এক যুবক।খোদ আইনরক্ষকদের বিরুদ্ধেই যদি ওঠে টাকা আদায় এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকির অভিযোগ তাহলে সাধারণ মানুষ বিচার চাইবেন কার কাছে? হিলি থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের এমন ভূমিকা প্রকাশ্যে আসতেই রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। অভিযোগকারী নয়ন দেবনাথের অভিযোগ, ৬ নভেম্বর রাতে টোটো চালিয়ে বাড়ি ফিরবার পথে তাকে আটকায় দুই সিভিক ভলেন্টিয়ার। এরপর ওই অভিযুক্ত অফিসার তাকে নেশা সামগ্রী পাচারকারীর অভিযোগ দিয়ে থানায় তুলে নিয়ে যায়। পরে চার হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়েও দেওয়া হয় বলে দাবি নয়নের। এরপর থেকেই তার উপর ও তার পরিবারের উপর চাপ বাড়াতে থাকে ওই অভিযুক্ত পুলিশ অফিসার নিউটন সরকার বলে অভিযোগ।
ফেন্সিডিল ও পকসো কেসে তাকে ফাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে ওই পুলিশ অফিসার। কিছুটা ভীতও হয়ে অতি কষ্টে ছয় হাজার টাকা অনলাইনে পাঠিয়েছেন বলেও দাবি করেন অভিযোগকারী যুবক। কিন্তু এরপরেও অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় শুক্রবার রাতে নিজের ফেসবুক লাইভে এসে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা বলতে গিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন নয়ন। ওই পুলিশ অফিসারের অত্যাচারে তিনি আত্মহত্যা করতে বাধ্য হবেন ফেসবুক লাইভে এমন হুশিয়ারিও দেন ওই যুবক। তাঁর বক্তব্য তিনি হিলি থানার মহিষনোটা গ্রামের বাসিন্দা। পেশায় জলের ব্যবসায়ী। অবসর সময়ে টোটোও চালান তিনি। তার অভিযোগ আটকের পর তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। সেই সময় কোনওরকমে ৬ হাজার টাকা একজনের অ্যাকাউন্টে পাঠান তিনি। কিন্তু এরপরও আরও ৯ হাজার টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ। তাঁর দাবি বারবার ফোন করে টাকা চাওয়া হচ্ছে। শুধু তাঁকেই নয় পরিচিতদের কাছেও ফোন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। ফেসবুক লাইভে নয়নকে বলতে শোনা যায় তাঁর কাছে আর কোনও টাকা নেই। বাড়িতে বৃদ্ধ মা ছাড়া তাঁকে দেখার মতো কেউ নেই। জল বিক্রি করে কোনওরকমে সংসার চলে। এই পরিস্থিতিতে বারবার টাকা চাওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার আশঙ্কায় তিনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। এমনকী আত্মহত্যার কথাও ভাবছেন বলে লাইভে জানান তিনি। ঘটনার পর শনিবার দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারের কাছে হিলি থানার ওই এ এস আই নিউটন সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। নয়নের দাবি, এধরনের পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। তার মতো একজন সাধারণ জল বিক্রেতাকে এভাবে যদি মিথ্যে কেসে ফাঁসিয়ে দেওয়ার নাম করে এভাবে টাকার জন্য অত্যাচার করে, তাহলে তারা কোথায় যাবেন। বিচারের আশায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।

ঘটনা জানবার জন্য একাধিকবার ফোন করা হলেও ওই অভিযুক্ত পুলিশ অফিসার ও হিলি থানার আইসির কোন সাড়া পাওয়া যায়নি।
জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানিয়েছেন, জরুরী কাজে তিনি বাইরে আছেন। সোমবার ফিরে বিষয়টি খতিয়ে দেখবেন।