বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ গঙ্গারামপুরে সর্বমঙ্গলাতে

0
90

বেহাল রাস্তার প্রতিবাদে পথ অবরোধ গঙ্গারামপুরে সর্বমঙ্গলাতে, শামিল হলেন এলাকার প্রধান,প্রশাসনের আশ্বাসে দীর্ঘ সময় পর উঠল আন্দোলন
শীতল চক্রবর্তী, বালুরঘাট
১৮ ডিসেম্বর, দক্ষিণ দিনাজপুর।দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় অতিষ্ঠ হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের সর্বমঙ্গলা এলাকায় পথ অবরোধে শামিল হলেন গ্রামবাসীরা। আন্দোলনে পাশে দাঁড়ালেন বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানও। শেষ পর্যন্ত ব্লক প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা বাজার এলাকায়। দিলিপির মিল থেকে বামনকুড়িয়া পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা হোক বা শীত,খানাখন্দে ভরা এই রাস্তায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
গ্রামবাসীদের দাবি,”একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তাঁরা পথ অবরোধে নামেন।”
বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনেয়ারা বেগম বলেন, “বহু জায়গায় জানানো সত্ত্বেও রাস্তাটি সংস্কার হয়নি। তাই গ্রামবাসীদের সমস্যার কথা মাথায় রেখে তাঁদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছি। আমাদের একটাই দাবি,”দ্রুত এই রাস্তাটি সংস্কার করা হোক।”। গঙ্গারামপুরের বিডিও জানিয়েছেন,”দ্রুত যেন রাস্তাটি তৈরি করা যায় তা দেখা হচ্ছে।”
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্লক প্রশাসনের প্রতিনিধিরা ও গঙ্গারামপুর থানার পুলিশ। তাঁরা গ্রামবাসীদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলেও জানানো হয়।
প্রশাসনের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামবাসীরা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।