সরকারী নির্দেশ পালন করতে গিয়ে জেল! পুর ইঞ্জিনিয়ারকে কোর্ট কাস্টডি, ক্ষোভে স্তব্ধ বালুরঘাট পুরসভা

0
32

সরকারী নির্দেশ পালন করতে গিয়ে জেল! পুর ইঞ্জিনিয়ারকে কোর্ট কাস্টডি, ক্ষোভে স্তব্ধ বালুরঘাট পুরসভা

বালুরঘাট, ৬ আগষ্ট — সরকারী নির্দেশ, পুলিশের উপস্থিতি, সব নিয়ম মেনেই কাজ করেছিলেন পুরসভার কর্মীরা। অথচ কয়েক মাস পর সেই সরকারি অভিযানেরই মাশুল গুনতে হল এক পুরকর্মীকে। আদালতের নির্দেশে ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী শুভ মহন্তকে কোর্ট কাস্টডিতে পাঠানোর ঘটনায় বৃহস্পতিবার কার্যত অচল হয়ে পড়ল বালুরঘাট পুরসভা। ক্ষোভে ফেটে পড়ে পেন-ডাউন কর্মসূচিতে সামিল হন কর্মীরা। যার জেরে দিনের অধিকাংশ সময় বন্ধ হয়ে যায় নাগরিক পরিষেবা। উত্তপ্ত হয়ে ওঠে পুরসভা চত্বর।
পুরসভা সূত্রের দাবি, কয়েক মাস আগে সরকারী নির্দেশ এবং পুলিশি নিরাপত্তায় শহরের ৮ নম্বর ওয়ার্ডে একটি কাজ করে বালুরঘাট পুরসভা। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় এমসিআইসি মহেশ পারেখ, প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র, বর্তমান চেয়ারম্যান সুরজিৎ সাহা এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মী শুভ মহন্তের নাম জড়ায়। অভিযোগ, একই মামলায় বাকি তিন জন আদালত থেকে জামিন পেলেও শুভ মহন্তকে এদিন কোর্ট কাস্টডিতে পাঠানো হয়। আর সেই সিদ্ধান্তেই ক্ষোভের বিস্ফোরণ পুরসভায়।
পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ত্রিদিব দাসের প্রশ্ন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে একমাত্র কর্মীকেই কেন জেল হেফাজতে যেতে হল? একই সঙ্গে মামলায় যথাযথ আইনি প্রতিনিধিত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর হুঁশিয়ারি, সহকর্মীর মুক্তি ও ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

চেয়ারম্যান সুরজিৎ সাহার কথায়, শুভ মহন্ত কোনও ব্যক্তিগত কাজে যাননি। সরকারী নির্দেশ কার্যকর করতে সরকারি দায়িত্বই পালন করছিলেন। এমন ঘটনার নজির তৈরি হলে ভবিষ্যতে কোনও কর্মীই দায়িত্ব পালনে নিশ্চিন্ত থাকতে পারবেন না।’ তিনি আরো জানান, আইনি লড়াই শুরু হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এ দিন কর্মীদের স্বতঃস্ফূর্ত পেন-ডাউনের জেরে পুরসভার অধিকাংশ পরিষেবা কার্যত মুখ থুবড়ে পড়ে। প্রশাসনিক জট না কাটলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন পুরকর্মীরা।