খুঁটি পুজোয় শুরু গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি, এবারের থিম ‘মায়াজাল’

0
25

খুঁটি পুজোয় শুরু গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি, এবারের থিম ‘মায়াজাল’
৪৯তম বর্ষে সুতোয় তৈরি হচ্ছে অভিনব মণ্ডপ, থাকছে প্রতিমা ও আলোকসজ্জায় চমক, পুজো ঘিরে বসবে বিরাট মেলাও
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৪ সেপ্টেম্বর: খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নাকরা ১৪ নম্বর ওয়ার্ডের হালদারপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। গঙ্গারামপুর ফুটবল ক্লাবের পরিচালনায় এবারের পুজো ৪৯তম বর্ষে পা দিল।প্রতি বছরের মতো এবারও পুজোমণ্ডপে অভিনবত্বের ছোঁয়া রাখতে চলেছেন উদ্যোক্তারা। দর্শনার্থীদের নজর কাড়তে এবারের থিম ‘মায়াজাল’।
শুক্রবার ধর্মীয় রীতিনীতি মেনে পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। পুরোহিতের মন্ত্রোচ্চারণের পাশাপাশি ঢাক ও সানাইয়ের সুরে সম্পন্ন হয় খুঁটি পুজো। এরপরই আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে যায় পুজোমণ্ডপ তৈরির কাজ।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবার সম্পূর্ণ সুতো দিয়ে মায়াজালের আদলে তৈরি করা হবে পুজোমণ্ডপ। দক্ষ কারিগরদের হাতের নিপুণ কারুকাজে সুতোয় ফুটিয়ে তোলা হবে মায়াজালের নানা রূপ। মণ্ডপের পাশাপাশি প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকবে বিশেষ চমক। পুজোকে কেন্দ্র করে দর্শনার্থীদের জন্য থাকছে বিরাট মেলার আয়োজনও।ফলে পুজোর কয়েকটি দিন হালদারপাড়া চত্বর জমজমাট হয়ে উঠবে বলেই আশা উদ্যোক্তাদের।
ক্লাবের অন্যতম সদস্য বরুণ সরকার বলেন,“প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুন কিছু করার চেষ্টা থাকে।এবার ‘মায়াজাল’ থিমে সুতো দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে। পুজোর আগে থেকেই ক্লাবের সদস্যরা প্রস্তুতির কাজে নেমে পড়েছেন। আশা করছি,মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জা দর্শনার্থীদের ভালো লাগবে।” ক্লাবের অন্যতম সদস্য গৌড়পদ ঘোষ বলেন, “পুজোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শুধু পুজো নয়, এলাকার মানুষের আনন্দের কথা মাথায় রেখেই নানা আয়োজন করা হচ্ছে। মায়াজাল থিমের মণ্ডপ এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে।”
ক্লাবের সদস্য সুদেব হালদার বলেন,“৪৯তম বর্ষের পুজোকে স্মরণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই মণ্ডপ,প্রতিমা ও আলোকসজ্জা সাজানো হবে।পুজোকে ঘিরে মেলারও আয়োজন করা হচ্ছে।”
এদিনের খুঁটি পুজোর অনুষ্ঠানে ক্লাবের অন্যতম সদস্য বরুণ সরকার,গৌড়পদ ঘোষ, সনাতন হালদার, বাবলু রায়, সুদেব হালদার, মানিক ঘোষ, মহাদেব ঘোষ, মিলন ঘোষ,কাঁন্টু হালদার, প্রসেনজিৎ হালদার,ছোটন সূত্রধর,গৌতম সরকার, সুরজিৎ বসাক, চন্দন দাস, ইন্দ্রজিৎ হালদার,উত্তম সরকার-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খুঁটি পুজোর পর থেকেই ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে পুজোমণ্ডপ তৈরির ব্যস্ততা।উদ্যোক্তাদের দাবি, ৪৯তম বর্ষে ‘মায়াজাল’ থিমে গঙ্গারামপুর ফুটবল ক্লাবের দুর্গাপুজো দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।