হেল্পলাইন চালুর দাবিতে পথে নামলো সরকারি কর্মীরা, ১৫ দফা দাবিতে জেলাশাসককে স্মারকলিপি রাজ্য সরকারী কর্মচারী কল্যান সমিতির

0
203

হেল্পলাইন চালুর দাবিতে পথে নামলো সরকারি কর্মীরা, ১৫ দফা দাবিতে জেলাশাসককে স্মারকলিপি রাজ্য সরকারী কর্মচারী কল্যান সমিতির

বালুরঘাট, ১৭ জুলাই —- সরকারি কর্মচারীদের সমস্যা সমাধানে পৃথক হেল্পলাইন চালু, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিত বেতন প্রদান-সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে রাস্তায় নামল রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার বিকেলে বালুরঘাট শহরে শতাধিক কর্মী-সমর্থকের উপস্থিতিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ঘিরে সরগরম হয়ে ওঠে শহর। মিছিল শেষে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের হাতে ১৫ দফা দাবিতে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃত্বরা।

বালুরঘাট হাইস্কুল মাঠ সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে জেলাশাসক দফতরের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, সরকারি কর্মচারীদের নিত্যদিনের প্রশাসনিক জটিলতা, পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত নিষ্পত্তির জন্য অবিলম্বে একটি নির্দিষ্ট হেল্পলাইন নম্বর চালু করতে হবে। অভিযোগ, বিভিন্ন দফতরে কর্মরত কর্মচারীরা সমস্যার সমাধান পেতে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হন। সেই পরিস্থিতির পরিবর্তনেই এই দাবি।
শুধু স্থায়ী কর্মচারী নন, চুক্তিভিত্তিক কর্মীদের দুর্দশার কথাও তুলে ধরা হয় স্মারকলিপিতে। সংগঠনের অভিযোগ, বহু কন্ট্রাকচুয়াল কর্মী নিয়মিত কাজ করলেও মাসের পর মাস বেতন পান না। ফলে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে তাঁদের জীবন কাটছে। দ্রুত বকেয়া মিটিয়ে সময়মতো বেতন প্রদানের পাশাপাশি কর্মসংক্রান্ত একাধিক সমস্যার স্থায়ী সমাধানের দাবিও জানানো হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারী কল্যাণ সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি উত্তম কুমার ঘোষ বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে এই আন্দোলন। কর্মচারীদের বাস্তব সমস্যার সমাধানে ১৫ দফা দাবিপত্র জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলেই আমাদের বিশ্বাস।