ছ’মাসে বকেয়া প্রায় এককোটি, অধরা ভোটের গাড়ি ভাড়াও! প্রতিবাদে জেলাশাসক দফতরের সামনে বিক্ষোভ গাড়ি চালক ও মালিকদের

0
35

ছ’মাসে বকেয়া প্রায় এককোটি, অধরা ভোটের গাড়ি ভাড়াও! প্রতিবাদে জেলাশাসক দফতরের সামনে বিক্ষোভ গাড়ি চালক ও মালিকদের

বালুরঘাট, ১৭ জুলাই —-ছ’মাস ধরে প্রশাসনের কাজে চলছে গাড়ি, অথচ মিলছে না এক টাকাও ভাড়া। তার উপর ২০২৪ এবং ২০২৬ সালের নির্বাচনে অধিগৃহীত গাড়ির ভাড়াও এখনও অধরা। সব মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাছে প্রায় এক কোটি টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ তুলে শুক্রবার জেলাশাসকের দফতরের সামনে ক্ষোভে ফেটে পড়লেন দক্ষিণ দিনাজপুর স্মল ভিকেলস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। বিক্ষোভের পাশাপাশি জেলাশাসকের উদ্দেশ্যে আট দফা দাবিতে স্মারকলিপিও জমা দেন তাঁরা।
সংগঠনের দাবি, প্রশাসনিক বিভিন্ন দফতরের কাজে মাসিক চুক্তিতে ৫৬টি গাড়ি দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে চলেছে। প্রতিটি গাড়ির মাসিক ভাড়া ২৫ হাজার টাকা হলেও গত ছ’মাস ধরে কোনও অর্থ মেলেনি। শুধু তাই নয়, লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রশাসনের কাজে ব্যবহৃত বহু গাড়ির ভাড়াও বছরের পর বছর ধরে বকেয়া পড়ে রয়েছে। ফলে ব্যাংকের ঋণের কিস্তি, গাড়ির বিমা, রক্ষণাবেক্ষণের খরচ এবং চালকদের বেতন মেটাতে কার্যত অসহায় হয়ে পড়েছেন মালিকরা।

সংগঠনের সদস্য নৃপেন্দ্রনাথ কুণ্ডুর অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও ইতিবাচক সাড়া মেলেনি। বাধ্য হয়েই তাঁরা আন্দোলনের পথে নেমেছেন। অবিলম্বে সমস্ত বকেয়া ভাড়া পরিশোধ, নির্বাচনে ব্যবহৃত গাড়ির পাওনা মিটিয়ে দেওয়া-সহ আট দফা দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।
বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। এদিনের বিক্ষোভকে ঘিরে জেলাশাসক দফতর চত্বরে তৈরি হয় চাপা উত্তেজনা। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছেন শতাধিক গাড়ি মালিক ও চালক।