গোপন খবরে সরকারি বাসে হানা দিয়ে উদ্ধার ৩ লক্ষ টাকার ব্রাউন সুগার । গ্রেপ্তার এক পাচারকারী

0
114

গোপন খবরে সরকারি বাসে হানা দিয়ে উদ্ধার ৩ লক্ষ টাকার ব্রাউন সুগার । গ্রেপ্তার এক পাচারকারী । ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।

দক্ষিণ দিনাজপুরে বড়সড় মাদকবিরোধী অভিযান। প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে আটক করল পতিরাম থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিজন সরকার। ৩২ বছর বয়সী ওই যুবক হিলির বাসিন্দা । জানাগেছে, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে একটি সরকারি স্টেট বাসে সাদা পোশাকে ওঠেন পুলিশকর্মীরা। পাগলিগঞ্জ এলাকায় পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। যদিও সঙ্গে সঙ্গেই তাকে ধাওয়া করে আটক করে পুলিশ। সূত্রের খবর, এদিন ধৃতের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২০০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। এদিকে খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছান দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি (হেডকোয়ার্টার্স) অঙ্কুর সিংহ রায়, ম্যাজিস্ট্রেট ও নোডাল অফিসার মইদুল ইসলাম, পতিরাম থানার ওসি প্রীতম সিং এবং এএসআই আফরোজা ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মীরা। এই ঘটনায় মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিশ।