প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কুমারগঞ্জে ছাত্রদের গর্জন, ভবিষ্যৎ বাঁচাও বার্তা নিয়ে রাস্তায় নামলো ছাত্র পরিষদ

0
44

প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কুমারগঞ্জে ছাত্রদের গর্জন, ভবিষ্যৎ বাঁচাও বার্তা নিয়ে রাস্তায় নামলো ছাত্র পরিষদ

বালুরঘাট, ১৭ জুলাই — প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং লাগামছাড়া শিক্ষা ব্যয়ের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে শুক্রবার প্রতিবাদের নতুন ভাষা তুলে ধরল রাজ্য ছাত্র পরিষদ। ছাত্রদের কণ্ঠস্বর কর্মসূচিকে ঘিরে দিনভর সরগরম হয়ে ওঠে এলাকা। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী। কর্মসূচির শুরুতেই ভিডিও প্রজেক্টরের মাধ্যমে রাজস্থানের কোটায় রাহুল গান্ধির নেতৃত্বে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনের দৃশ্য কলেজ পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়। এরপর ছাত্র-যুবদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংগঠনিক আলোচনা এবং কুমারগঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতিবাদী পদযাত্রা।
এই কর্মসূচির মধ্যেই কয়েকজন ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে ছাত্র পরিষদে যোগ দিয়েছেন বলে দাবি সংগঠনের।
সভায় প্রিয়াঙ্কা চৌধুরী অভিযোগ করেন, একের পর এক প্রশ্নপত্র ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি ছাত্রছাত্রীদের আস্থা নষ্ট করছে। তাঁর বক্তব্য, ছাত্রদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং এর বিরুদ্ধে রাস্তায় নেমেই লড়াই চালিয়ে যাবে ছাত্র পরিষদ। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থা এবং পড়ুয়াদের নিরাপদ ভবিষ্যতের দাবিতে রাজ্যজুড়ে এই আন্দোলন আরও বিস্তৃত হবে বলেও জানান তিনি। তাঁর কথায়, একজন পড়ুয়ার ভবিষ্যৎও আর নষ্ট হতে দেওয়া হবে না।