জ্ঞানেশের ছবিতে জুতোপেটা, পুড়ল মোদি-শাহর কুশপুতুল! বালুরঘাটে কংগ্রেসের বিক্ষোভে তুমুল উত্তেজনা

0
19

জ্ঞানেশের ছবিতে জুতোপেটা, পুড়ল মোদি-শাহর কুশপুতুল! বালুরঘাটে কংগ্রেসের বিক্ষোভে তুমুল উত্তেজনা

বালুরঘাট, ৩০ সেপ্টেম্বর—-
কুশপুতুলে আগুন, জ্ঞানেশ কুমারের ছবিতে জুতোপেটা, সঙ্গে কান ধরে উঠবস! মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়ে বুধবার বিকেলে বালুরঘাটে বিক্ষোভে নামল জেলা কংগ্রেস। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুলও পোড়ানো হয়। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় জেলা প্রশাসনিক ভবন চত্বরে।

এ দিন বালুরঘাটের জেলা কংগ্রেস কার্যালয় থেকে বিশাল মিছিল বের করেন দলীয় নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল এসে পৌঁছয় জেলাশাসকের দফতরের সামনে। সেখানেই চলে বিক্ষোভ ও স্লোগান। পরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নরেন্দ্র মোদী ও অমিত শাহের কুশপুতুল দাহ করা হয়। প্রতীকী ভাবে জ্ঞানেশ কুমারের ছবিতে জুতোপেটা এবং কান ধরে উঠবসও করানো হয়।

কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে এস আই আরে বহু মানুষের নাম বাদ পড়েছে। তাদের দাবি, মুখ্য নির্বাচন কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করিয়ে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এস আই এর কারণে যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদের প্রত্যেকের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব বলেন, জাতীয় কংগ্রেসের নির্দেশেই এই কর্মসূচি। জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ ও গ্রেফতার চাই। এস আই আরে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় তুলতে হবে।