বিজেপির ফুটবল খেলার মঞ্চে তৃণমূল নেতাদের উপস্থিতি ঘিরে বিতর্ক, হরিরামপুরে কংগ্রেস নেতা শুভাশিস পালের আক্রমণ,শুভাশিসকে ঘিরে পাল্টা তোপ হাতেম আলীর
শীতল চক্রবর্তী,হরিরামপুর ৩০অক্টোবর দক্ষিণ দিনাজপুর:বিজেপির উদ্যোগে আয়োজিত ফুটবল খেলার মঞ্চে তৃণমূলের একাধিক নেতা, প্রধান ও উপপ্রধানের উপস্থিতি ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। ওই ঘটনাকে কেন্দ্র করে জেলা কংগ্রেস নেতা শুভাশিস পালের তীব্র কটাক্ষ,পাল্টা জবাব দিলেন তৃণমূলের মমতাপন্থী নেতা তথা হরিরামপুরের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি হাতেম আলী সহ আরো অনেকেই।তিন পক্ষের বক্তব্য ঘিরে হরিরামপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস নেতা শুভাশিস পালের দাবি, দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকের বাগিচাপুর এলাকায় বিজেপির উদ্যোগে আয়োজিত ফুটবল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি হাতেম আলী, বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ একাধিক মমতা পন্থী তৃণমূল নেতারা। বিজেপির আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে তৃণমূল নেতাদের উপস্থিতি নিয়েই প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা শুভাশিস পাল।
বৃহস্পতিবার ‘আকাশ জনতার কণ্ঠ’ নামে একটি ফেসবুক পেজে নিজের বক্তব্যের ভিডিয়ো পোস্ট করেন শুভাশিস বাবু। সেখানেই তৃণমূল নেতাদের বিজেপির মঞ্চে উপস্থিতি নিয়ে কটাক্ষ করার পাশাপাশি হাতেম আলীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্যও করেন বলে অভিযোগ ওঠে।তাঁর বক্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয় বিতর্ক।
শুভাশিস পালের অভিযোগ,” তৃণমূলের ওই নেতারা বিজেপির হয়ে কাজ করছেন। শুভাশিস বাবুর অভিযোগ,“এরা বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে।তা না হলে কী করে বিজেপির মঞ্চে বসে থাকতে পারে?এদের কোনও লজ্জা নেই।” বক্তব্যের একাংশে তিনি কুকুর-বিড়ালের সঙ্গে তুলনা টেনেও কটাক্ষ করেন বিজেপির ওই মঞ্চে যাওয়া তৃণমূল নেতাদের বিরুদ্ধে।
কংগ্রেস নেতার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন হরিরামপুরের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি তথা মমতাপন্থী তৃণমূল নেতা হাতেম আলী। তিনি পাল্টা শুভাশিস পালকে বিজেপির দালাল বলে কটাক্ষ করে বলেন,“ শুভাশিস পাল সম্পর্কে সবাই জানে। তাছাড়াও পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। আমি অনুষ্ঠানে যাইনি।বিজেপির হয়ে উনি কাজ করছেন তার প্রমাণ আছে। চোর এখন সাধু সাজতে চেষ্টা করছে। হরিরামপুরের মানুষ ওকে কী চোখে দেখে,সেটা বলার অপেক্ষা রাখে না।” দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বলেন,“এটা চোরে চোরে মাসতুতো ভাইদের মধ্যে খেলা চলছে।এটা নিয়ে আমার কী বলার আছে!”
ফুটবল খেলার মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি থেকে শুরু হওয়া বিতর্ক এখন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগে নতুন মাত্রা পেয়েছে।তবে ওই অনুষ্ঠানে তৃণমূল নেতাদের উপস্থিতির কারণ নিয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্যের পাশাপাশি হরিরামপুর ব্লক জুড়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে।





















