সংকোশ নদীতে মরা মাছের আতঙ্ক, কালো হয়ে গেল নদীর জল সতর্ক করলেন বনমন্ত্রী
আলিপুরদুয়ার: প্রতিবেশী দেশ ভুটানে হিমবাহ হ্রদ ফেটে যাওয়ার ঘটনার পর উত্তরবঙ্গের উপর বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াল সংকোশ নদীর পরিস্থিতি। শুক্রবার গভীর রাতে আচমকাই কালো হয়ে যায় নদীর জল। সেই সঙ্গে ভুটানের দিক থেকে বিপুল পরিমাণ মরা মাছ ভেসে আসতে শুরু করে। শনিবার সকালেও নদীতে প্রচুর মরা মাছ দেখা যায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী এলাকায়।
খবর পেয়ে শনিবার সকালে সংকোশ নদী সংলগ্ন গ্রামে পৌঁছন রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী তথা কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাঁও। তিনি এলাকাটি পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন।
বনমন্ত্রী জানান, ভুটানে ঘটনার পর উত্তরবঙ্গের একাধিক জেলা সতর্ক রয়েছে। সংকোশ নদী ও পার্শ্ববর্তী এলাকায় বন্যার আশঙ্কাও রয়েছে। যদিও বর্তমানে নদীর জলস্তর স্বাভাবিক, তবে গভীর রাতে নদীর জল কালো হয়ে যাওয়া এবং বিপুল সংখ্যায় মরা মাছ ভেসে আসার বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক। তিনি আরও জানান, নদীতে মরা মাছ ভেসে আসতে দেখে বহু মানুষ জলে নেমে সেগুলি সংগ্রহ করতে শুরু করেন। এই মাছ বাজারে বিক্রি হলে বড়সড় স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে। তাই নদীতে ভেসে আসা মরা মাছ সংগ্রহ না করা এবং কোনওভাবেই সেগুলি না খাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন বনমন্ত্রী। সংকোশ নদীর জলস্তর স্বাভাবিক থাকলেও মরা মাছের এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।





















