রেলপথকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা রুখতে বড়সড় সাফল্য পেল নিউ কোচবিহার জিআরপি।

0
39

রেলপথকে ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা রুখতে বড়সড় সাফল্য পেল নিউ কোচবিহার জিআরপি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৯০ গ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবক ও এক যুবতীকে গ্রেফতার করলেন রেল পুলিশের আধিকারিকরা। ধৃতদের নাম আলবাস (১৯) ও রুবিনা খাতুন (২২)। দু’জনেই অসমের বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য এখনও নির্ধারণ করতে পারেনি জিআরপি। তবে উদ্ধার হওয়া মাদক ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত আলবাসের বাড়ি অসমের কার্বি আংলং জেলার নিপু গ্রামে। অন্যদিকে, রুবিনা খাতুন নগাঁও জেলার রূপালী গ্রামের বাসিন্দা। তারা ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী বিবেক এক্সপ্রেসে সফর করছিলেন। শনিবার দুপুর প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে পৌঁছলে আগে থেকে পাওয়া গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করেন জিআরপির আধিকারিকরা। এরপর তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে প্রায় ৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। ঘটনায় দু’জনকেই গ্রেফতার করা হয়েছে।