মালদায় STF-এর বড় সাফল্য, ৩ কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার ৩ যুবক

0
46

ফের মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। মালদার কালিয়াচকে ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকা থেকে একটি চারচাকা গাড়ি-সহ তিন যুবককে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ কেজি ৬৮৮ গ্রাম ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মাসুদ রহমান (২০), হাসিবুর শেখ (৩৭) এবং মহম্মদ নাবিউল হক (২৭)। তিনজনেরই বাড়ি কালিয়াচক থানার গয়েশবাড়ি অঞ্চলের বাখরপুর ও সুজাপুর এলাকায়।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ১২ নম্বর জাতীয় সড়কের মধুঘাট এলাকায় তল্লাশি চালায় এসটিএফ। সেই সময় সন্দেহজনক একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপর গাড়িতে থাকা তিন যুবককে গ্রেফতার করা হয়।