স্কুলভ্যানে মালবাহী গাড়ির ধাক্কা,আহত ৯পড়ুয়া!কয়েকজনকে পাঠানো হল উত্তরবঙ্গ মেডিক্যালে

0
31

স্কুলভ্যানে মালবাহী গাড়ির ধাক্কা,আহত ৯পড়ুয়া!কয়েকজনকে পাঠানো হল উত্তরবঙ্গ মেডিক্যালে

শিলিগুড়ি:-

স্কুলে যাওয়ার পথেই বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল পড়ুয়াদের নিয়ে যাওয়া একটি স্কুলভ্যান।শুক্রবার সকালে শিলিগুড়ির বাগডোগরার পানিঘাটা মোড়ে একটি খালি মালবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় স্কুলভ্যানটির।ভ্যানে থাকা কেন্দ্রীয় বিদ্যালয়ের ৯জন পড়ুয়া দুর্ঘটনার জেরে আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন স্কুলভ্যানের চালকও।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার সকালে মাটিগাড়া থেকে ৯জন পড়ুয়াকে নিয়ে ব্যাঙডুবি কেন্দ্রীয় বিদ্যালয়ের দিকে যাচ্ছিল স্কুলভ্যানটি।সেই সময় পানিঘাটা মোড়ে বাঁক নেওয়ার মুহূর্তে নকশালবাড়ির দিকে যাওয়া একটি খালি গাড়ির সঙ্গে স্কুলভ্যানটির জোরালো সংঘর্ষ হয়।দুর্ঘটনার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।তাঁরাই তড়িঘড়ি আহত পড়ুয়া ও চালককে উদ্ধার করে বাগডোগরা হাসপাতালে নিয়ে যান।প্রাথমিক চিকিৎসার পর কয়েকজন পড়ুয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।দুর্ঘটনার কারণ নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।স্থানীয়দের একাংশের অভিযোগ, অন্য দিক থেকে আসা গাড়ির দিকে যথাযথ নজর না দিয়েই স্কুলভ্যানটি ঘোরানো হয়েছিল।অন্যদিকে,মালবাহী গাড়িটির গতিও বেশি ছিল বলে অভিযোগ উঠেছে।যদিও ঠিক কী কারণে এই সংঘর্ষ,তা এখনও নিশ্চিত নয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা।দুর্ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।