ফুলেশ্বরীর পর এবার মহাবীরস্থানের জোড়া রেলগেট বন্ধের আশঙ্কা,উদ্বিগ্ন ব্যবসায়ীরা

0
40

*ফুলেশ্বরীর পর এবার মহাবীরস্থানের জোড়া রেলগেট বন্ধের আশঙ্কা,উদ্বিগ্ন ব্যবসায়ীরা।রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস শংকর ঘোষের,অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার নির্দেশ; ফুটপাত দখল নিয়ে কড়া হুঁশিয়ারি*

শিলিগুড়ি:-

_ফুলেশ্বরী রেলগেট বন্ধের পর এবার কি বন্ধ হতে চলেছে শিলিগুড়ির মহাবীরস্থানের জোড়া রেলগেট?এই সম্ভাবনাকে ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।শুক্রবার সকালে মহাবীরস্থান পরিদর্শনে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।মহাবীরস্থানের রেলগেট বন্ধের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।এ প্রসঙ্গে মন্ত্রী জানান,আন্ডারপাস কিংবা রেলব্রিজ থাকা এলাকায় রেলগেট না রাখার নীতি রয়েছে রেল কর্তৃপক্ষের।তবে স্থানীয় ব্যবসায়ীদের অসুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।রেল দপ্তর,জেলা প্রশাসন, শিলিগুড়ি পুরনিগম ও পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খোঁজা হবে বলেও আশ্বাস দেন তিনি।এদিন মহাবীরস্থানে মাছ ব্যবসায়ীদের সমস্যার বিষয়টিও খতিয়ে দেখেন শংকর ঘোষ।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে শুরু হওয়া একটি কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে রয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এর সঙ্গে বহু মানুষের জীবিকা জড়িয়ে থাকায় দ্রুত কাজ শেষ করার দাবি জানান তাঁরা। বিষয়টি নিয়ে পুরনিগমের আধিকারিকদের সঙ্গে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।দ্রুত কাজ সম্পন্ন করার আশ্বাসও দেন তিনি।অন্যদিকে,শহরের ফুটপাত দখল করে ব্যবসা চালানোর প্রবণতা নিয়েও কড়া অবস্থান নেন শংকর ঘোষ।তাঁর স্পষ্ট বার্তা,ফুটপাত সাধারণ মানুষের হাঁটাচলার জন্য। সেখানে দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।সব মিলিয়ে মহাবীরস্থানে একদিকে রেলগেট বন্ধের আশঙ্কা,অন্যদিকে মাছ ব্যবসায়ীদের কর্মসংস্থান ও ফুটপাত দখল নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।এবার রেল ও প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের উদ্বেগ কতটা দূর হয়,সেদিকেই নজর শহরবাসীর।_