৬২টি গরুর চামড়া উদ্ধার, গ্রেপ্তার হরিরামপুরের সৈয়দপুরের ব্যবসায়ী

0
40

৬২টি গরুর চামড়া উদ্ধার, গ্রেপ্তার হরিরামপুরের সৈয়দপুরের ব্যবসায়ী। চামড়ার ব্যবসা ঘিরে হরিরামপুরে রাজনৈতিক চাপানউতোর
গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হল ধৃতকে,তদন্তের দাবি রাজনৈতিক নেতাদের
শীতল চক্রবর্তী হরিরামপুর ২৫ নভেম্বরদক্ষিণ দিনাজপুর:গরুর চামড়া মজুত রাখার অভিযোগে হরিরামপুর থানার সৈয়দপুর এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযানে মোট ৬২টি গরুর চামড়া উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের নাম রাজ্জাক আলি (৪৩)। বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়।ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পাশাপাশি, গরুর চামড়ার ব্যবসা নিয়ে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিরামপুর থানার সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর গ্রামের বাসিন্দা রাজ্জাক আলি আগে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।গোপন সূত্রে চামড়া মজুত রাখার খবর পেয়ে পুলিশ তল্লাশি অভিযান চালায়। জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৬২টি গরুর চামড়া উদ্ধার করা হয়। চামড়া মজুত রাখার বিষয়ে বৈধ লাইসেন্স বা নথি চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি বলে অভিযোগ।এরপর এএসআই মহম্মদ আতিউল আনসারি তাঁকে গ্রেপ্তার করেন। উদ্ধার হওয়া চামড়াগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে।
১৮ নভেম্বর রাত ১১টা ৪৩ মিনিট থেকে ১৯ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের মধ্যে অভিযান ও বাজেয়াপ্তের প্রক্রিয়া সম্পন্ন হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫, ৩০৩(২), ৩১৭(২) ধারা এবং পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইনের ৭ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা শ্যামল দাস। তিনি বলেন, “আমাদের সরকার গরু ব্যবসা ও চামড়ার ব্যবসা কোনওভাবেই করতে দেবে না। পুলিশের কাছে এই ধরনের ব্যবসা বন্ধ করার দাবি জানাচ্ছি।পুলিশ প্রশাসন যদি কাউকে সহযোগিতা করে,তাহলে আমরা দলীয় নেতৃত্বকে বিষয়টি জানাব।”
জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা হরিরামপুর ব্লক কংগ্রেস নেতা শুভাশিস পাল বলেন, “নতুন সরকার যে উদ্যোগ নিয়েছে, তা ভালো। আমরাও চাই এই ধরনের চামড়ার ব্যবসা বন্ধ হোক। পুলিশ প্রশাসন সহযোগিতা না করলে আমরা আন্দোলনে নামব।”
হরিরামপুরের সিপিএম নেতা রফিকুল ইসলাম বলেন,“প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক, এটাই আমাদের দাবি।”
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। বেআইনি মজুত ও সংশ্লিষ্ট ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।