শহরের বিদ্যুৎ সমস্যা মেটাতে উদ্যোগ,শান্তি কলোনিতে ৩৩কেভি সাব স্টেশনের জন্য জমি পরিদর্শন

0
30

শহরের বিদ্যুৎ সমস্যা মেটাতে উদ্যোগ,শান্তি কলোনিতে ৩৩কেভি সাব স্টেশনের জন্য জমি পরিদর্শন
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৯ নভেম্বর দক্ষিণ দিনাজপুর:-দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর শহরে চলা বিদ্যুৎ সমস্যার সমাধানে এবার নতুন উদ্যোগ নিল গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ড।শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত করতে পুরসভার ১০নম্বর ওয়ার্ডের শান্তি কলোনি এলাকায় নতুন করে ৩৩কেভি সাব স্টেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।বুধবার ওই এলাকায় সাব স্টেশন তৈরির জন্য জমি পরিদর্শন করেন পৌর প্রশাসক বোর্ডের সদস্যরা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, সাব স্টেশন তৈরির জন্য চিহ্নিত জমিতে বসবাসকারী কয়েকটি পরিবারকে অন্যত্র সরিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।নতুন সাব স্টেশন চালু হলে শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় অনেকটাই উন্নতি হবে বলে আশা প্রশাসনের।
গঙ্গারামপুর পুরসভায় মোট ১৮টি ওয়ার্ড রয়েছে। ১৯৯৪সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত এই পুরসভার আয়তন প্রায় ১০.২৯বর্গকিলোমিটার। ২০১১সালের জনগণনা অনুযায়ী পুর এলাকার জনসংখ্যা ছিল ৫৬ হাজার ২১৭ জন।বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও বেড়েছে।
এতদিন গঙ্গারামপুর শহরের ১৮টি ওয়ার্ডে কালদিঘি সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হত। পাশাপাশি ব্লকের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব থাকায় শহরে প্রায়ই লোডশেডিং ও বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হতে হত বলে অভিযোগ বাসিন্দাদের। নতুন সাব স্টেশন চালু হলে শহরের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
জানা যায়, আগের পৌর বোর্ডের আমলেও এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনও কারণে শেষ পর্যন্ত প্রকল্পটি চালু হয়নি। বর্তমান পৌর প্রশাসক বোর্ড নতুন করে উদ্যোগ নিয়ে প্রকল্পটি বাস্তবায়নের পথে এগোচ্ছে।
এদিন পৌর প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেন,“সাব স্টেশন তৈরির জন্য জমি পরিদর্শন করা হয়েছে।ওই এলাকায় কয়েকটি পরিবারকে সরিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এই প্রকল্প চালু হলে শহরের বিদ্যুৎ ঘাটতি অনেকটাই কমবে।”
পৌর প্রশাসক বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শহরের বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দা রাজু ঘোষ ও সুমঙ্গল সাহারা বলেন,“শহরে এমন সাব স্টেশন চালু হলে বিদ্যুৎ সমস্যার অনেকটাই সমাধান হবে। দ্রুত প্রকল্পের কাজ শুরু করে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার দাবি জানাচ্ছি।”
নতুন সাব স্টেশন তৈরির উদ্যোগ ঘিরে শহরবাসীর মধ্যে আশার আলো দেখছে সকলেই।