মেঘালয় থেকে বাংলায় কয়লা প্রবেশ করতে না পারায় গভীর সংকটে পড়েছেন উত্তরবঙ্গের ইটভাটা ব্যবসায়ীরা

0
32

কোচবিহার: মেঘালয় থেকে বাংলায় কয়লা প্রবেশ করতে না পারায় গভীর সংকটে পড়েছেন উত্তরবঙ্গের ইটভাটা ব্যবসায়ীরা। বিশেষ করে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার ইটভাটা মালিকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে একের পর এক ইটভাটা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জেলার ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, ইতিমধ্যেই কয়েকটি ইটভাটা বন্ধ হয়ে গিয়েছে।
সমস্যার কথা তুলে ধরতে বৃহস্পতিবার কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সেখানে সংগঠনের সভাপতি দিনেশ কুমার প্রসাদ জানান, গত প্রায় ৯ থেকে ১০ বছর ধরে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন ইটভাটা ব্যবসায়ীরা। তাঁর অভিযোগ, মেঘালয়ের কয়লা বাংলায় প্রবেশ করতে না পারলেও অসম, বিহার-সহ অন্যান্য রাজ্যে সেই কয়লা যাচ্ছে। ফলে বাংলার বাজারে অসমের ইটের দাপট বাড়ছে এবং ক্ষতির মুখে পড়ছেন এ রাজ্যের ইটভাটা মালিকরা।
দিনেশ কুমার প্রসাদের বক্তব্য, ঝাড়খণ্ড ও রানিগঞ্জের কয়লা ব্যবহার করে এখানকার মাটির উপযোগী মানের ইট তৈরি করা সম্ভব হচ্ছে না। কারণ উত্তরবঙ্গের মাটির প্রকৃতি কিছুটা আলাদা। সেই কারণে ইট তৈরির জন্য মেঘালয়ের কয়লার প্রয়োজন রয়েছে। অথচ কী কারণে বাংলায় মেঘালয়ের কয়লা প্রবেশ করতে পারছে না, তা তাঁদের কাছে স্পষ্ট নয়। তাই দ্রুত মেঘালয়ের কয়লা বাংলায় আনার ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
সংগঠনের দেওয়া তথ্য অনুযায়ী, কোচবিহার জেলায় মোট ৫২টি এবং আলিপুরদুয়ার জেলায় ২৫টি ইটভাটা রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ইটভাটাগুলির উপর নির্ভরশীল প্রায় তিন লক্ষ মানুষ। অন্য রাজ্য থেকে বেশি দামে কয়লা আনতে হওয়ায় উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। ফলে বেশি দামে ইট বিক্রি করতে বাধ্য হচ্ছেন এখানকার ব্যবসায়ীরা। অন্যদিকে অসমের ইট তুলনামূলক কম দামে বাজারে আসায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন উত্তরবঙ্গের ইটভাটা মালিকরা।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে সংগঠনটি। আগামী ২৫ তারিখ রাসমেলা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোচবিহার সফরের সময় তাঁর সঙ্গে দেখা করে বিষয়টি তুলে ধরারও চেষ্টা করবেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, মেঘালয় থেকে বাংলায় কয়লা প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা তৈরি হয়েছে। এর জেরে অসম-বাংলা সীমান্তের জোরাইমোড় এলাকায় কিছুদিন আগে গাড়িচালকদের বিক্ষোভও দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল, কয়লা বোঝাই গাড়িগুলি বিভিন্ন কর ও নিয়ম না মেনে চলাচল করে। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, সমস্ত সরকারি নিয়ম মেনেই তাঁরা মেঘালয় থেকে কয়লা বাংলায় নিয়ে আসেন। এই পরিস্থিতিতে কয়লা প্রবেশের জটিলতা কবে কাটে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন ইটভাটা ব্যবসায়ীরা।