*পুজোর পরেই শিলিগুড়িতে রাস্তা সংস্কারে বড়সড় উদ্যোগ!৩২-৩৩ কোটি টাকা ব্যয়ে সংস্কার হবে শহরের ৫৮টি রাস্তা,৭থেকে ১০দিনের মধ্যেই কাজ শুরুর আশ্বাস পর্যটনমন্ত্রীর*
শিলিগুড়ি:-
উৎসবের মরশুম শেষ হতেই এবার শহরের বেহাল রাস্তা সংস্কারে কোমর বেঁধে নামতে চলেছে শিলিগুড়ি পুরনিগম।দীর্ঘদিন ধরেই শহরের বিভিন্ন রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছেন সাধারণ মানুষ।কোথাও রাস্তার পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত,আবার কোথাও খানাখন্দের কারণে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে যানবাহন চালক থেকে শুরু করে পথচারীদের।এবার সেই সমস্যার সমাধানে বড়সড় উদ্যোগ নেওয়ার কথা জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমে এক সাংবাদিক বৈঠক করে পর্যটনমন্ত্রী জানান, প্রায় ৩২থেকে ৩৩কোটি টাকা ব্যয়ে শহরের মোট ৫৮টি রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ৭থেকে ১০দিনের মধ্যেই এই কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যেই রাস্তা সংক্রান্ত নাগরিকদের অভিযোগ অনেকটাই কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন বাসিন্দারা।বিশেষ করে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।এই পরিস্থিতিতে ৫৮টি রাস্তা সংস্কারের সিদ্ধান্তকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।কাজ শুরু হলে শহরের যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।এদিনের সাংবাদিক বৈঠকে শুধু রাস্তা সংস্কারই নয়,শিলিগুড়ি পুরনিগমের একাধিক প্রশাসনিক ও নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন পর্যটনমন্ত্রী।বিল্ডিং প্ল্যান অনুমোদনের প্রক্রিয়া,শহরের পার্কিং ব্যবস্থা এবং পুরনিগমের রাজস্ব আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।বিশেষ করে শহরের বিভিন্ন এলাকায় পার্কিং ফি আদায়ের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে কড়া অবস্থান নেন মন্ত্রী।কোনওরকম বৈধ টেন্ডার ছাড়া পার্কিং ফি আদায় করা যাবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।পার্কিং ব্যবস্থাকে আরও নিয়মের মধ্যে আনতে এবং এই সংক্রান্ত অনিয়ম বন্ধ করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথাও জানান।পাশাপাশি সাধারণ নাগরিকদের সুবিধার্থে অভিযোগ জানানোর জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ পরিষেবা চালুর ঘোষণাও করেন শঙ্কর ঘোষ।এবার থেকে শহরের বিভিন্ন সমস্যা,নাগরিক পরিষেবার ঘাটতি কিংবা পুরনিগম সংক্রান্ত অভিযোগ জানাতে ৯০৪৬০০৪৬৬০ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ।সব মিলিয়ে পুজোর মরশুম শেষ হতেই শিলিগুড়ি শহরের পরিকাঠামো উন্নয়ন ও নাগরিক পরিষেবার মানোন্নয়নে একাধিক পদক্ষেপের কথা সামনে আনল পুরনিগম।তবে ঘোষিত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজ কতটা বাস্তবায়িত হয় এবং শহরবাসী কতটা স্বস্তি পান,এখন সেদিকেই নজর থাকবে শিলিগুড়িবাসীর।





















