মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ফের সক্রিয় আলিপুরদুয়ারে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলার তদন্ত!

0
21

*মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই ফের সক্রিয় আলিপুরদুয়ারে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর হামলার তদন্ত!শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠকে পর্যটনমন্ত্রী ও পুলিশ কর্তারা*

শিলিগুড়ি:-

দীর্ঘদিন ধরে কার্যত থমকে থাকা আলিপুরদুয়ারে সাংসদ খগেন মুর্মু ও তৎকালীন বিধায়ক তথা বর্তমান রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনার তদন্তে এবার নতুন করে তৎপরতা শুরু করল পুলিশ।মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পুরনো এই মামলার তদন্ত ফের শুরু হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন।বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকাতে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকের পর বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।উল্লেখ্য,গত বছর আলিপুরদুয়ারে দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির তৎকালীন বিধায়ক শঙ্কর ঘোষ।অভিযোগ,সেই সময় তাঁদের উপর হামলার পাশাপাশি গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।ঘটনায় সাংসদ খগেন মুর্মু গুরুতরভাবে জখম হন।সেই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল।তবে দীর্ঘদিন ধরে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠছিল।বুধবার উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার তদন্তের বিষয়ে নির্দেশ দেন বলে জানা গিয়েছে।এরপরই বৃহস্পতিবার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন স্পষ্ট জানান,পুরনো ওই মামলার তদন্তের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।তাঁর কথায়,বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে।এদিন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষও বিষয়টি নিয়ে সরব হন।তাঁর বক্তব্য,বিগত ১৫বছরে রাজ্যে একাধিক অন্যায় ও অপরাধের ঘটনা ঘটেছে,যার ক্ষেত্রে অভিযুক্তরা যথাযথ শাস্তি পায়নি।সেই সমস্ত ঘটনার বিচার হওয়া প্রয়োজন।আলিপুরদুয়ারে ত্রাণ বিলি করতে গিয়ে জনপ্রতিনিধিদের উপর হামলার ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে তিনি বলেন,একজন আদিবাসী সাংসদের উপর প্রাণঘাতী হামলার পরেও অভিযুক্তদের উপযুক্ত শাস্তি হয়নি।এবার দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলেই তিনি আশাবাদী।অন্যদিকে,বৃহস্পতিবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আসন্ন উৎসব এবং উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ,শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক আর বিমলা,উত্তরবঙ্গের আইজি সুকেশ জৈন,দার্জিলিংয়ের পুলিশ সুপার ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও এবং পুরনিগমের কমিশনার বন্দবাসী তেজা দীপক-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।বৈঠক শেষে পর্যটনমন্ত্রী জানান,দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আগামী দিনে একাধিক উৎসবের আয়োজন করা হবে।ইতিমধ্যেই শুরু হয়েছে তিস্তা-তোর্সা উৎসব।পরবর্তী সময়ে শিলিগুড়িতেও বিভিন্ন উৎসবের আয়োজন রয়েছে।সেই সমস্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ কীভাবে আরও বাড়ানো যায় এবং উৎসবের আনন্দ কীভাবে বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়,মূলত সেই বিষয়গুলি নিয়েই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।সব মিলিয়ে,একদিকে পুরনো হামলার ঘটনার তদন্তে নতুন করে পুলিশের তৎপরতা,অন্যদিকে উত্তরবঙ্গের আসন্ন উৎসবকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি-দুই বিষয়েই বৃহস্পতিবারের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।