হরিরামপুরে তৃণমূলে যোগ দিল প্রায় ৫০০ কর্মী, শক্তি বাড়ল দলের

0
81

রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপীর এলাকায় একটি কর্মী সভার মাধ্যমে বড়সড় যোগদান শিবিরের আয়োজন করা হয়। এই সভায় কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে প্রায় ৫০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তৃণমূলের হরিরামপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়। তাঁর সমর্থনেই এই যোগদান শিবিরের আয়োজন করা হয় বলে জানা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, আইনজীবী চিরঞ্জীব মিত্র, হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া, হরিরামপুর ব্লক তৃণমূলের সভাপতি ইয়াসিন আলী, সহ-সভাপতি মনোজিৎ দাস, গোকর্ণ অঞ্চল তৃণমূলের সভাপতি শহিদুর রহমানসহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
এছাড়াও কয়েকজন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্যও এদিন তৃণমূলে যোগ দেন। জানা যায়, নির্দল সদস্য আমির আলী ও ওসমান গনির উদ্যোগে এই যোগদান শিবিরের আয়োজন করা হয়।
শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নেতৃত্ব ও বাসিন্দাদের মতে, এই যোগদানের ফলে হরিরামপুরে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হল।