গুরু নানকের ৫৫৭তম প্রকাশ পুরবে শিলিগুড়ির গুরুদ্বারে ভক্তদের ঢল,লঙ্গর সেবায় সামিল অসংখ্য মানুষ
শিলিগুড়ি:-
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী গুরু নানক দেবজির ৫৫৭তম প্রকাশ পুরব উপলক্ষে মঙ্গলবার ভক্তি ও উৎসবের আবহে মেতে উঠল শিলিগুড়ির সেভক রোডের গুরুদ্বার শ্রী গুরু সিং সভা।সকাল থেকেই গুরুদ্বারে ভক্তদের ঢল নামে।
বিশেষ প্রার্থনা,শবদ কীর্তন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরু নানক দেবজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিখ সম্প্রদায়ের মানুষ।প্রকাশ পুরব উপলক্ষে সকাল থেকেই গুরুদ্বারে মর্নিং দিওয়ান ও মূল দিওয়ানের আয়োজন করা হয়। হাজুরি রাগী জথা এবং ভাই জস্বিন্দর সিং জির শবদ কীর্তনে ভক্তিময় হয়ে ওঠে গুরুদ্বার চত্বর।কীর্তনের সুরে আধ্যাত্মিক পরিবেশে মেতে ওঠেন উপস্থিত ভক্তরা।সন্ধ্যাতেও বিশেষ দিওয়ানের আয়োজন করা হয়।প্রতিবছরের মতো এবারও গুরুদ্বার কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় ‘গুরু কা লঙ্গর’-এর।সেখানে জাতি,ধর্ম ও সম্প্রদায় নির্বিশেষে অসংখ্য মানুষ একসঙ্গে বসে লঙ্গর গ্রহণ করেন।লঙ্গর সেবায় সামিল হন বহু স্বেচ্ছাসেবী ও ভক্ত। গুরুদ্বার চত্বরে দিনভর চলে সেবা ও সহযোগিতার কর্মযজ্ঞ।গুরু নানক দেবজির প্রকাশ পুরবের এই অনুষ্ঠান শুধু ধর্মীয় উদ্যাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি,বরং তাঁর প্রচারিত মানবতা,সাম্য,ভ্রাতৃত্ব ও নিঃস্বার্থ সেবার আদর্শও তুলে ধরেছে।ভক্তদের উপস্থিতি এবং লঙ্গর সেবার মাধ্যমে শিলিগুড়ির গুরুদ্বারে ছড়িয়ে পড়ে সম্প্রীতি ও মানবতার বার্তা।


















