মুনিমোড়ে বালিবোঝাই ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল ক্যাপসিকাম বোঝাই ট্রাক!

0
31

মুনিমোড়ে বালিবোঝাই ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল ক্যাপসিকাম বোঝাই ট্রাক!রাস্তায় ছড়িয়ে পড়ল ক্যাপসিকাম,কুড়িয়ে নিয়ে যেতে ভিড় স্থানীয়দের।বাগডোগরা থানার অন্তর্গত মুনিমোড় সংলগ্ন ২৭নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনার কবলে পড়ল ক্যাপসিকাম বোঝাই একটি ট্রাক। ঘটনায় আহত হয়েছেন ট্র্যাক্টর চালক।জানা গিয়েছে,এদিন ভোর প্রায় ৪টে নাগাদ জবলপুর থেকে ক্যাপসিকাম বোঝাই করে শিলিগুড়ির সবজি বাজারের উদ্দেশ্যে আসছিল একটি ট্রাক।ঘোষপুকুরের দিক থেকে আসা ট্রাকটি মুনিমোড়ের কাছে পৌঁছতেই সামনে থাকা একটি বালিবোঝাই ট্র্যাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়।ট্রাক চালকের দাবি,বারবার হর্ন বাজানো সত্ত্বেও ট্র্যাক্টরটি রাস্তা ছেড়ে না দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।অন্যদিকে,স্থানীয় সূত্রের দাবি,ট্রাক চালকের চোখ লেগে যাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।সংঘর্ষের জেরে ট্র্যাক্টরটি রাস্তার পাশের নালায় পড়ে যায় এবং তার দুটি চাকা খুলে যায়।অন্যদিকে,নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ক্যাপসিকাম বোঝাই ট্রাকটি।গোটা রাস্তায় ছড়িয়ে পড়ে বিপুল পরিমাণ ক্যাপসিকাম।এদিকে,দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান আশপাশের বাসিন্দারা।তাঁদের মধ্যে অনেককেই রাস্তায় ছড়িয়ে থাকা ক্যাপসিকাম কুড়িয়ে নিয়ে যেতে দেখা যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ।ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়।পাশাপাশি ট্র্যাক্টরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনায় আহত ট্র্যাক্টর চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গিয়েছে,তাঁর তিনটি সেলাই পড়েছে।তবে ট্রাকের চালক ও সহচালক দুজনেই সুরক্ষিত রয়েছেন বলে খবর।এই ঘটনায় ফের জাতীয় সড়কে যানবাহনের গতিবেগ ও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।*