স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে পেন ডাউন হরিরামপুরে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীদের
শীতল চক্রবর্তী হরিরামপুর ৯অক্টোবর দক্ষিণ দিনাজপুর:- স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে পেন ডাউন কর্মসূচি পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের একাধিক পঞ্চায়েতের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা। শুক্রবার হরিরামপুর ব্লক প্রশাসনের দফতরের সামনে এই কর্মসূচিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করলেও এখনও স্থায়ী চাকরির নিশ্চয়তা মেলেনি। পাশাপাশি, বর্তমান বেতনও বৃদ্ধি করা প্রয়োজন বলে দাবি তাঁদের।
কর্মীদের বক্তব্য, তাঁদের দাবিগুলি দীর্ঘদিনের। তাই দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা পেন ডাউন কর্মসূচির পথ বেছে নিয়েছেন। তবে এই কর্মসূচি কতদিন চলবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
চুক্তিভিত্তিক এক কর্মী বলেন,” আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে। দীর্ঘদিন ধরে আমরা অস্থায়ীভাবে কাজ করছি। আমাদের দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক।”
এদিকে,একাধিক পঞ্চায়েতের কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেওয়ায় স্বাভাবিক প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ সমস্যায় পড়তে পারেন বলে মনে করছেন অনেকেই।কর্মীদের দাবির বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রয়েছে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে পেন ডাউন হরিরামপুরে পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মীদের
























