বালুরঘাট, ৩ এপ্রিল —– ভোটের উত্তাপে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। সেই আবহেই দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা নিয়ে ওঠা বিতর্ককে কেন্দ্র করে মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলে কটাক্ষ করার পাশাপাশি সরাসরি তাঁর পদত্যাগ দাবি করলেন তিনি।
শুক্রবার হাজারিপাড়া মাঠে জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে মমতার অভিযোগ, পরিকল্পিতভাবে গ্রামে গ্রামে তপশিলী সম্প্রদায়ের ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। ক্ষোভ উগরে দিয়ে তাঁর প্রশ্ন, এই বাংলার ভোটে জিতে যদি প্রধানমন্ত্রী হওয়া যায়, তা হলে সেই ভোটার তালিকায় বাংলার মানুষের নামই বা বাদ যায় কী করে?
এরপরই তীব্র সুরে তাঁর মন্তব্য, যদি ভোটার তালিকায় অনুপ্রবেশকারী থাকে, তা হলে আপনিও অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছেন। তাই আপনার প্রথম কাজ হওয়া উচিত পদত্যাগ।
হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এদিন জেলায় প্রথম নির্বাচনী প্রচারে নামেন মমতা।
মুলত: হরিরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে এদিনের এই সভা ছিল জেলার নির্বাচনী প্রচারের সূচনা। মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের আরও পাঁচটি আসনের তৃণমূল প্রার্থীরা। তাঁদের সামনে রেখেই এস আই আর ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো।
ভোটের আগে এমন বিস্ফোরক মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।






















