বালুরঘাট পঞ্চায়েত সমিতিতে বিজেপির নতুন ইনিংস! গেরুয়া আবিরে মাতলো বালুরঘাট, সভাপতি ও সহ সভাপতির দায়ীত্বে দুই মহিলা মুখ
বালুরঘাট, ৬ নভেম্বর — গ্রাম পঞ্চায়েতের পর এ বার পঞ্চায়েত সমিতিতেও ক্ষমতার পালাবদল! বিধানসভা নির্বাচনের পর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পঞ্চায়েত সমিতির পরিচালনভার নিজেদের হাতে তুলে নিল বিজেপি। শুক্রবার দুই বিধায়কের উপস্থিতিতে নতুন বোর্ড গঠন করল গেরুয়া শিবির। সভাপতি নির্বাচিত হলেন বিজেপি মনোনীত মনীষা দাস সূত্রধর। সহ-সভাপতির দায়িত্ব পেলেন কামনা হালদার। বিজেপির আট সদস্যের সমর্থনে সম্পন্ন হয় নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া।
নতুন বোর্ড গঠনকে ঘিরে এ দিন কার্যত উৎসবের চেহারা নেয় বালুরঘাট পঞ্চায়েত সমিতি চত্বর। নির্বাচনের ফল ঘোষণার পরেই গেরুয়া আবিরে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা। চলে বাজি ফাটানো, ব্যান্ডপার্টি সহযোগে বিজয়োল্লাস। নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে মালা পরিয়ে সংবর্ধনা জানান দলের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পঞ্চায়েত সমিতি চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। তবে শেষ পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয় গোটা প্রক্রিয়া।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার এবং বালুরঘাট ও তপনের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় ও বুধরায় টুডু-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই বালুরঘাট পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি ও সহ-সভাপতি পদত্যাগ করেন। তাঁদের ইস্তফার পর থেকেই শুরু হয়েছিল নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া। শুক্রবার সেই প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটল। গ্রাম পঞ্চায়েতের পর এ বার পঞ্চায়েত সমিতির পরিচালনভারও বিজেপির হাতে যাওয়ায় বালুরঘাটের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, বালুরঘাট পঞ্চায়েত সমিতিতে আমাদের আট জন সদস্যের সমর্থন রয়েছে। নতুন বোর্ডের প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের স্বার্থে কাজ করা। এত দিন যে সমস্ত উন্নয়নমূলক কাজ আটকে ছিল, সেগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।




















