বেহাল নাগরিক পরিষেবা ও ফুলেশ্বরী রেলগেট খোলার দাবিতে সরব সিপিএম

0
25

বেহাল নাগরিক পরিষেবা ও ফুলেশ্বরী রেলগেট খোলার দাবিতে সরব সিপিএম,শিলিগুড়ি পুরনিগমে ডেপুটেশন ২৪নম্বর ওয়ার্ড কমিটির*

শিলিগুড়ি:-

বেহাল নাগরিক পরিষেবার উন্নতি এবং ফুলেশ্বরী রেলগেট দ্রুত খুলে দেওয়ার দাবিতে এবার সরব হল সিপিএম।একাধিক নাগরিক সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয় তুলে ধরে শনিবার শিলিগুড়ি পুরনিগমে ডেপুটেশন জমা দিল সিপিএমের ২৪নম্বর ওয়ার্ড কমিটির প্রতিনিধি দল।এদিন প্রতিনিধি দলের সদস্যরা শিলিগুড়ি পুরনিগমে উপস্থিত হয়ে পুরনিগমের কমিশনার তেজা দীপকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।বিশেষ করে ফুলেশ্বরী রেলগেট বন্ধ থাকার কারণে এলাকার বাসিন্দাদের প্রতিদিন যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেই বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।সিপিএমের পক্ষ থেকে দাবি জানানো হয়, ফুলেশ্বরী রেলগেটের বিকল্প রাস্তা বা উপযুক্ত পরিকাঠামো দ্রুত তৈরি করতে হবে।যতদিন পর্যন্ত স্থায়ী বিকল্প ব্যবস্থা কার্যকর হচ্ছে না,ততদিন সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে বন্ধ থাকা রেলগেট খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।প্রতিনিধি দলের অভিযোগ,রেলগেট বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচলতি মানুষ,সকলকেই অতিরিক্ত ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।এর ফলে প্রতিদিন সময় নষ্ট হওয়ার পাশাপাশি নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।অন্যদিকে,শুধু রেলগেটের সমস্যাই নয়,শিলিগুড়ি শহরের বেহাল নাগরিক পরিষেবা নিয়েও পুর কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।শহরের বিভিন্ন এলাকায় নিয়মিত আবর্জনা পরিষ্কার না হওয়া,পানীয় জলের সমস্যা এবং অন্যান্য নাগরিক পরিষেবার অব্যবস্থা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।সিপিএমের ২৪নম্বর ওয়ার্ড কমিটির প্রতিনিধি দলের বক্তব্য,শহরের সাধারণ মানুষের ন্যূনতম নাগরিক পরিষেবা পাওয়া নিশ্চিত করা পুরনিগমের দায়িত্ব।অথচ বিভিন্ন এলাকায় নাগরিক পরিষেবা নিয়ে বাসিন্দাদের অভিযোগ ক্রমশ বাড়ছে।তাই এই সমস্যাগুলির দ্রুত সমাধানে পুর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।ফুলেশ্বরী রেলগেটের বিকল্প ব্যবস্থা দ্রুত চালু করা,ততদিন পর্যন্ত রেলগেট খুলে দেওয়া এবং শহরের বেহাল নাগরিক পরিষেবার উন্নতির দাবিতে এদিন পুর কমিশনারের কাছে ডেপুটেশন জমা দিয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানাল সিপিএমের প্রতিনিধি দল।