*আলুর বস্তার আড়ালে গোপন চেম্বার,উদ্ধার ২৯টি মহিষ!গ্রেফতার ট্রাক চালক*
শিলিগুড়ি:-
বাইরে থেকে দেখলে মনে হবে আলু বোঝাই একটি সাধারণ পণ্যবাহী ট্রাক।কিন্তু সেই ট্রাকের ভিতরেই চলছিল মহিষ পাচারের পরিকল্পনা।আলুর বস্তার আড়ালে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছিল গোপন চেম্বার।আর সেই চেম্বারের ভিতর থেকেই উদ্ধার হল ২৯টি মহিষ।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের এই ছক বানচাল করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,বিহারের আরারিয়া থেকে মহিষগুলি ট্রাকে করে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল।শনিবার দুপুরে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে,একটি বড় মালবাহী ট্রাকে করে বিপুল সংখ্যক মহিষ পাচার করা হচ্ছে।খবরের ভিত্তিতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি আমাইদিঘি এলাকায় নজরদারি শুরু করেন নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশকর্মীরা।এরপর সন্দেহভাজন ট্রাকটিকে আটক করে তল্লাশি চালাতেই সামনে আসে পাচারের অভিনব কৌশল।ট্রাকের উপরের অংশে সাজানো ছিল আলুর বস্তা।কিন্তু সেই বস্তার নীচেই তৈরি করা হয়েছিল বিশেষ গোপন চেম্বার।আর সেখানেই গাদাগাদি করে রাখা হয়েছিল ২৯টি মহিষ।পুলিশের তল্লাশিতে গোটা বিষয়টি প্রকাশ্যে আসে।ঘটনাস্থল থেকে সমস্ত মহিষ উদ্ধার করার পাশাপাশি ট্রাক চালক রাকিবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।ধৃতের বাড়ি অসমে বলে জানা গিয়েছে।
রবিবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।




















