বুনিয়াদপুরে নিষিদ্ধ কফ সিরাপ পাচার চক্রের পর্দাফাঁস, ১২০০ বোতল উদ্ধার

0
43

বুনিয়াদপুরে নিষিদ্ধ কফ সিরাপ পাচার চক্রের পর্দাফাঁস, ১২০০ বোতল উদ্ধার।গ্রেফতার ৮ যুবক, উদ্ধার সামগ্রীর বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা
শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর, ৫ নভেম্বর, দক্ষিণ দিনাজপুর।
নিষিদ্ধ কফ সিরাপ পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে বুনিয়াদপুর ট্রাফিক সিগন্যাল এলাকায় নাকা তল্লাশি চালিয়ে প্রায় ১২০০বোতল নিষিদ্ধ কফ সিরাপ-সহ ৮ জন যুবককে আটক করে পুলিশ।উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে বালুরঘাটগামী নাইট সুপার যাত্রীবাহী ডলফিন ও শ্রীকৃষ্ণা বাসে তল্লাশি চালানো হয়। ওই দুই বাস থেকে আটজনের ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। প্রত্যেকের ব্যাগে প্রায় ১১৫ থেকে ১৪৯ বোতল করে কফ সিরাপ ছিল বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রায় ১২০০ বোতল উদ্ধার হয়েছে।
ধৃতদের মধ্যে রয়েছেন রাহুল মণ্ডল (২৮) ও সুমন মণ্ডল (২৫)। তাঁদের বাড়ি কুমারগঞ্জ থানার বিশ্বনাথপুর এলাকায়। এছাড়াও নির্মল কর্মকার (২৯), জামিরুল ইসলাম (৩৫), রুবেল সরকার (২৭), আমজাদ আলী (৩২), আহমেদ হোসেন (১৯) এবং এমডি সাইদ আলম রয়েছেন। তাঁদের বাড়ি গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা ও হরিহরপুর এলাকায়।
অভিযানে উপস্থিত ছিলেন বংশীহারী থানার আইসি, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক এবং ম্যাজিস্ট্রেট-সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ফুলবাড়ির উদ্দেশ্যে এই নিষিদ্ধ কফ সিরাপ পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের।
ধৃত আটজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।