নির্বাচনী বিধি উড়িয়ে ‘এমএলএ’ বোর্ড লাগিয়ে ভোট প্রচার! তপনে বিজেপি প্রার্থী বুধরাই টুডুর প্রার্থীপদ খারিজ চেয়ে কমিশনে তৃণমূল

0
33

বালুরঘাট, ২০ এপ্রিল —– ভোটের মুখে তপনে ‘এমএলএ’ বোর্ড ঘিরে রাজনৈতিক বিতর্কে চড়ল পারদ। গাড়িতে বিধায়কের বোর্ড লাগিয়ে প্রকাশ্যে প্রচার চালানোর অভিযোগে বিজেপি প্রার্থী বুধরাই টুডুর প্রার্থীপদ খারিজের দাবি তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। সোমবার এই অভিযোগ সামনে আসতেই সরগরম তপনের রাজনৈতিক মহল।
তৃণমূলের অভিযোগ, নির্বাচনী বিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘদিন ধরে ‘এমএলএ’ পরিচয়ের প্রভাব খাটিয়ে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। অথচ গোটা বিষয়টি দেখেও নীরব নির্বাচন কমিশন। শাসকদলের কটাক্ষ, সাধারণ মানুষের গাড়িতে চেকিংয়ের নামে কড়াকড়ি থাকলেও বিজেপি প্রার্থীর ক্ষেত্রে কমিশনের এই নীরবতা ‘অস্বাভাবিক’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’।
বালুরঘাট ব্লক তৃণমূল সভাপতি মলয় মণ্ডলের অভিযোগ, “প্রায় একমাস ধরে বিধায়কের বোর্ড লাগিয়ে ভোট প্রচার চলছে। এটা শুধু নিয়মভঙ্গ নয়, ভোটারদের উপর প্রভাব বিস্তারের কৌশল। কমিশন ঘুমিয়ে রয়েছে বলেই এমনটা সম্ভব হচ্ছে। তাঁর আরও দাবি, এই ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েই বড় প্রশ্ন উঠছে।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে বুধরাই টুডুর বক্তব্য, তিনি এখনও বিধায়ক, ফলে বোর্ড ব্যবহারে বেআইনি কিছু নেই। তাঁর দাবি, এতদিন কমিশন তাকে কিছু বলেনি। এখন হঠাৎ অভিযোগ তোলা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে।

তবে প্রশ্ন উঠেছে, ভোটের লড়াইয়ে একজন প্রার্থী কি বর্তমান পদমর্যাদার পরিচয় ব্যবহার করে প্রচারে নামতে পারেন? তপনের এই বিতর্ক শুধু প্রার্থীর আচরণ নয়, কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনের ভূমিকাকেও। ভোটের আবহে সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি চর্চায়।