জীবিত ভোটারকে ‘মৃত’ বানাল কমিশন! ভোট প্রচারে গিয়ে এফআইআরের পরামর্শ বিপ্লবের, ভোটের মুখে তপ্ত হরিরামপুর

0
13

জীবিত ভোটারকে ‘মৃত’ বানাল কমিশন! ভোট প্রচারে গিয়ে এফআইআরের পরামর্শ বিপ্লবের, ভোটের মুখে তপ্ত হরিরামপুর

বালুরঘাট, ১৯ এপ্রিল —- ভোটের আগে ভোটার তালিকায় ‘মৃত’ এক জীবিত ভোটার! আর সেই অভিযোগ ঘিরেই হরিরামপুরে চড়ল রাজনৈতিক পারদ। নির্বাচনী প্রচারের মাঝেই ক্ষুব্ধ ভোটারের মুখে এমন অভিযোগ শুনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র। শুধু তোপই নয়, দায়ীদের বিরুদ্ধে এফআইআর করার পরামর্শ দিয়ে কমিশনের ভূমিকাকেই কাঠগড়ায় তুললেন তিনি।
শনিবার হরিরামপুরের সৈয়দপুরে প্রচারে ব্যস্ত বিপ্লবের সামনে আচমকাই হাজির হন কৃষক আজাহার ইসলাম। হাতে ভোটার তালিকা, মুখে ক্ষোভ। তার অভিযোগ, জীবিত থেকেও নতুন ভোটার তালিকায় তাঁকে ‘মৃত’ দেখানো হয়েছে। সকলের সামনেই আজাহারের বিস্ফোরক প্রশ্ন, আমি বেঁচে আছি, তা হলে কমিশন আমাকে মেরে দিল কীভাবে?
এই অভিযোগ শুনে ক্ষোভ চেপে রাখেননি বিপ্লব মিত্র। সোজাসাপ্টা বলেন, যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর হোক। আজাহার পাল্টা জানান, অভিযোগ জানাতে গিয়েও তা নেওয়া হয়নি। তখন আরও কড়া সুরে মন্ত্রীর জবাব, অভিযোগ না নিলে, তাদের বিরুদ্ধেও এফআইআর করতে হবে। মুহূর্তে সেই কথোপকথন ঘিরে সরগরম হয়ে ওঠে গোটা প্রচারপর্ব।

এর পর কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বিপ্লব মিত্রের অভিযোগ, কোথাও জীবিত ভোটারকে মৃত দেখানো হচ্ছে, কোথাও এসআইআরের নামে হয়রানি। সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে ছেলেখেলা চলছে। এর জবাব মানুষ ভোটবাক্সে দেবে।

বৃদ্ধ আজাহারের কথায়, ভোটার তালিকায় নিজের নাম দেখে স্তব্ধ হয়ে গিয়েছি। আমি বেঁচে আছি, অথচ কাগজে মৃত! তা হলে আমি ভোট দেব কীভাবে?

ভোটের প্রাক্কালে এই ঘটনা ঘিরে ফের প্রশ্ন উঠল ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। প্রশাসনিক ভুল, না কি গভীরতর গাফিলতি— তা নিয়েই শুরু রাজনৈতিক চাপানউতোর। তবে হরিরামপুরে শনিবারের ঘটনাই যেন এক প্রশ্ন ছুড়ে দিল— যেখানে জীবিত ভোটারও কাগজে মৃত, সেখানে গণতন্ত্র কতটা জীবিত?