দুশোর মুরগি তিনশো ছুঁইছুঁই! দক্ষিণ দিনাজপুরে ভোট-পিকনিকেই আগুন বয়লার বাজার
বালুরঘাট, ১৬ এপ্রিল —- ভোট মানেই শুধু মঞ্চে ভাষণ বা মিছিলের জোয়ার নয়—ভোট মানেই ‘পিকনিক পলিটিক্স’-এর রমরমা। আর সেই উৎসবের আঁচেই এবার কার্যত জ্বলছে মুরগির বাজার। দক্ষিণ দিনাজপুরে বিধানসভা নির্বাচন যত ঘনাচ্ছে, ততই বয়লার মুরগির দাম ছুঁয়ে ফেলছে অস্বাভাবিক উচ্চতা।
ক’দিন আগেও ১৮০-২০০ টাকার মধ্যে ঘোরাফেরা করা মুরগি এখন প্রায় ৩০০ টাকার কাছাকাছি। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে কার্যত দিশেহারা সাধারণ ক্রেতারা। বাজারে গিয়ে তাদের কাছে মাংস কেনা যেন এখন বিলাসিতার সামিল।
যার কারণ খুঁজতে গিয়ে উঠে আসছে ভোট-পিকনিকের ছবি। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে কর্মী-সমর্থকদের নিয়ে চলছে একের পর এক ভোজের আয়োজন। সেই বিপুল চাহিদার চাপেই বাজারে তৈরি হয়েছে মাংসের ঘাটতি, আর তাতেই লাগামছাড়া দাম।
তবে ব্যবসায়ীরা বলছেন, ছবিটা একপাক্ষিক নয়। সন্তোষ সরকার ও সুশান্ত সরকারের দাবি, “চাহিদা বাড়ার পাশাপাশি ভাইরাসের প্রভাবেও মুরগির আমদানি কমেছে। ফলে জোগান কমে গিয়ে দাম বাড়ছে।
এই পরিস্থিতিতে যেমন সাধারণ মানুষের রান্নাঘরে টান পড়েছে, তেমনই অস্বস্তিতে রাজনৈতিক দলগুলিও। কারণ, খরচ বাড়লে পিকনিক আয়োজনের ওপরেও পড়তে পারে প্রভাব।
যদিও ব্যবসায়ীদের একাংশের দাবি, দাম এখন প্রায় চূড়ায়। সামনে ভোট যতই জমুক, এর থেকে বেশি বাড়ার সম্ভাবনা আপাতত কম। তবুও ভোটের বাজারে ‘মুরগি-রাজনীতি’ যে এবার জমে উঠেছে, তা বলাই বাহুল্য।
























