খোলা’ ব্যালট বক্সেই ভোট! পোস্টাল ভোটে ‘কারচুপির’ অভিযোগে অবজারভার ঘেরাও, বালুরঘাটে মুখোমুখি তৃণমূল-বিজেপি

0
99

খোলা’ ব্যালট বক্সেই ভোট! পোস্টাল ভোটে ‘কারচুপির’ অভিযোগে অবজারভার ঘেরাও, বালুরঘাটে মুখোমুখি তৃণমূল-বিজেপি

বালুরঘাট, ১৬ এপ্রিল —– ব্যালট বক্স সীল না করেই ভোটগ্রহণ—এই এক অভিযোগেই বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল বালুরঘাট। ললিত মোহন আদর্শ স্কুলে পোস্টাল ব্যালটের ভোটপর্ব ঘিরে তৈরি হওয়া বিতর্ক মুহূর্তে রূপ নেয় বিস্ফোরক পরিস্থিতিতে। তুমুল বিক্ষোভ, স্লোগানের আবহে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাচনী অবজারভার। মুখোমুখি দাঁড়িয়ে যায় তৃণমূল ও বিজেপি—দুই শিবিরই একে অপরের বিরুদ্ধে তুলেছে গুরুতর অভিযোগ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকে বালুরঘাটের একাধিক কেন্দ্রে ভোটকর্মীদের পোস্টাল ব্যালট গ্রহণ চলছিল কড়া নিরাপত্তার মধ্যে। সেই আবহেই ললিত মোহন আদর্শ স্কুলে আচমকা ফেটে পড়ে ক্ষোভ। অভিযোগ, এক ভোটকর্মী ভুলবশত নিজের নির্দিষ্ট বাক্সে ব্যালট না ফেলে অন্য বাক্সে ফেলে দেন। বিষয়টি সামনে আসতেই ‘ভুল’ সংশোধনের জন্য ব্যালট বক্স খোলার চেষ্টা হয়। আর সেখান থেকেই আগুনে ঘি পড়ে—ছড়িয়ে পড়ে তুমুল উত্তেজনা।

তৃণমূলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে ব্যালট বক্স সীল না করেই ভোটগ্রহণ চালানো হচ্ছিল, যাতে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া যায়। তাদের দাবি, এই ঘটনা নিছক ভুল নয়, বরং সুপরিকল্পিত কারচুপি।

অন্যদিকে বিজেপির পালটা সাফ কথা—পুরোটাই তৃণমূলের নাটক। গেরুয়া শিবিরের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের কায়দায় ব্যালট লুটের ছক কষতেই খোলা রাখা হয়েছিল বক্স, আর তা ধরা পড়তেই বিক্ষোভের নাটক সাজানো হয়েছে।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে পৌঁছন অবজারভার। কিন্তু তাঁকে ঘিরেই ফেটে পড়ে তৃণমূল কর্মীদের ক্ষোভ। উত্তপ্ত বাক্যবিনিময়, স্লোগান আর বিক্ষোভে কার্যত থমকে যায় ভোটপ্রক্রিয়া। পরে ডিএসপি বিক্রম প্রসাদ ও আইসি সুমন্ত বিশ্বাসের তৎপরতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
তৃণমূল নেতা শঙ্কর লাহার কথায়, যেখানে শিক্ষিত ভোটকর্মীদের ভোটেই এই অব্যবস্থা, সেখানে সাধারণ ভোটে কী হবে তা ভেবে শঙ্কা বাড়ছে।
বিজেপি নেতা বাপী সরকারের কটাক্ষ, পঞ্চায়েতে ব্যালট বক্স তার দিয়ে পেচিয়ে ভোট করেছে তৃণমূল। সেরকম ভাবেই তাদের লোকেরা বাক্স সীল না করেই ভোট করাচ্ছিলেন। ঘটনা দেখতে পেয়েই প্রতিবাদ জানিয়েছেন তারা। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।

ঘটনার পর থেকেই প্রশ্নের মুখে পোস্টাল ব্যালটের স্বচ্ছতা ও নিরাপত্তা। বালুরঘাটের এই ‘খোলা বক্স’ বিতর্ক এখন নির্বাচনী রাজনীতিতে নতুন ঝড় তুলেছে।