ঝাঁটা হাতে বুথমুখী হন’— হরিরামপুরের প্রকাশ্য সভা থেকে মমতার ডাক ঘিরে তুঙ্গে ভোট-উত্তাপ

0
78

বালুরঘাট, ৩ এপ্রিল —– ভোটের প্রাক্কালে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর যেন রাজনৈতিক বার্তার অগ্নিমঞ্চ। শুক্রবার হাজারিপাড়ার বিস্তীর্ণ মাঠে জনসভার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক আহ্বান জানালেন, যা মুহূর্তে ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়—মা-বোনেদের ঝাঁটা হাতে নিয়ে ভোটের দিন রাস্তায় নামার নিদান।
তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রথম প্রচারসভায় মমতার কণ্ঠে ছিল সতর্কতার সুরও। তার স্পষ্ট বার্তা, কেউ অতিরিক্ত আত্মবিশ্বাসে ভাসবেন না। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী—বিশেষত সিআরপিএফ—কিছু জায়গায় ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার কৌশল নিতে পারে। সেই প্রেক্ষিতেই তাঁর প্রতীকী ডাক, মা শীতলার মতো ঝাঁটা হাতে নিন, রাস্তা পরিষ্কার করতে করতে ভোটকেন্দ্রে পৌঁছে যান।
এর পাশাপাশি সরকারি প্রকল্পগুলির প্রসঙ্গ টেনে তিনি ভোটারদের আবেগে আঘাত করেন। লক্ষ্মীর ভান্ডার, কৃষকবন্ধু, কন্যাশ্রী, যুবসাথী, সবুজসাথীর সুবিধাভোগীদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা—নিজেদের অধিকার রক্ষায় নিজেকেই এগোতে হবে, ভোট পাহারা দিতে হবে।
দলনেত্রীর এই মন্তব্য ঘিরে সভামঞ্চে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। হাততালির ঝড়ে বারবার থমকে যায় তাঁর ভাষণ। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই বার্তা শুধু কর্মীদের চাঙ্গা করল না, হরিরামপুরে ভোট-লড়াইয়ের তাপমাত্রাও কয়েকগুণ বাড়িয়ে দিল।