“জেলাজুড়ে মামলার পাহাড়” ভোটের আগে-পরে অভিযোগের স্রোত, রাজনৈতিক চাপানউতোরে সরগরম দক্ষিণ দিনাজপুর
“৬মাসে ৩১১১ মামলা, ৯ হাজারের বেশি অভিযুক্ত। বিরোধীদের দাবি ‘মিথ্যা মামলা’,বিজেপির পাল্টা‘বিচারের আশাতেই থানামুখী মানুষজন
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৩ জুলাই দক্ষিণ দিনাজপুর।বিধানসভা নির্বাচনকে ঘিরে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন থানায় মামলার সংখ্যা চোখে পড়ার মতো বেড়েছে। জেলা পুলিশ প্রশাসনের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে জেলার ৯টি থানায় মোট ৪,৭৭১টি মামলা দায়ের হয়েছিল। আর চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসেই সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ৩,১১১-এ। এই মামলাগুলিতে ৯হাজারেরও বেশি ব্যক্তি অভিযুক্ত। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা তুলনামূলকভাবে কম, অধিকাংশই হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন রয়েছে।এই বিপুল সংখ্যক মামলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বহু মানুষকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।অন্যদিকে বিজেপির দাবি, মানুষ এখন পুলিশের উপর আস্থা রেখে ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ দায়ের করছেন বলেই মামলার সংখ্যা বেড়েছে।
জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সর্বাধিক মামলা হয়েছে বালুরঘাট থানায় ৮৭০টি।এরপর গঙ্গারামপুরে ৮২০,তপনে ৭৩২, বংশীহারীতে ৬১৫, কুমারগঞ্জে ৪৪৭, পতিরামে ৩৪৯,কুশমণ্ডিতে ৩০৭, হিলিতে ২৭২,হরিরামপুরে ২৬৪ এবং বালুরঘাট মহিলা থানায় ৯৫টি মামলা নথিভুক্ত হয়েছে।খুন, ধর্ষণ, পকসো, নিষিদ্ধ ফেনসিডিল পাচারের চেষ্টা, প্রতারণাসহ বিভিন্ন ধরনের অপরাধ এই তালিকায় রয়েছে।এসব মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ২০হাজারেরও বেশি।
চলতি বছরের প্রথম ছয় মাসের হিসাবেও মামলার সংখ্যা উদ্বেগজনক। গঙ্গারামপুর থানায় ৫০৯টি, বালুরঘাটে ৪৮০টি, তপনে ৩৪৯টি, হরিরামপুরে ২৭৩টি, বংশীহারীতে ২৭২টি, কুমারগঞ্জে ২৫৫টি, কুশমণ্ডিতে ১৮২টি, পতিরামে ১৩০টি, হিলিতে ১৪৮টি এবং বালুরঘাট মহিলা থানায় ৩২টি মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলাগুলির তুলনায় গ্রেপ্তারের সংখ্যা অনেক কম। ভারতীয় ন্যায় সংহিতা (বি এন এস)-এর বিভিন্ন ধারায় অভিযুক্তদের মধ্যে অনেকেই আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।
এপ্রসঙ্গে সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ সরকার বলেন, “মামলার সংখ্যা বেড়েছে মানেই মিথ্যা মামলা বেড়েছে।আমাদের কর্মীদের পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।”
কালীঘাটপন্থী তৃণমূল নেতা গৌতম দাসের অভিযোগ,“ভোটের আগে ও পরে তৃণমূলের নেতাকর্মীদের বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।মানুষ সব দেখছে, সময়মতো জবাব দেবে।”
বিজেপির জেলা সহ-সভাপতি অশোক বর্ধনের বলেন,“মানুষ বিচার পাচ্ছেন বলেই থানায় অভিযোগ করছেন। পুলিশের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আইন তার নিজের পথেই চলছে।”
জেলা পুলিশের এক আধিকারিক বলেন,“প্রতিটি মামলাই আইন মেনে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই দক্ষিণ দিনাজপুরে ক্রমবর্ধমান মামলার সংখ্যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিচারব্যবস্থাকে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর “জেলাজুড়ে মামলার পাহাড়” ভোটের আগে-পরে অভিযোগের স্রোত, রাজনৈতিক চাপানউতোরে সরগরম দক্ষিণ দিনাজপুর...
























