এসআইআর-এ ভোটার হয়রানি বন্ধ, বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির দাবিতে গঙ্গারামপুর বিডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন

0
24

এসআইআর-এ ভোটার হয়রানি বন্ধ, বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির দাবিতে গঙ্গারামপুর বিডিও অফিসে সিপিআইএমের বিক্ষোভ ও ডেপুটেশন
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর, ১৪ জুলাই:একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সিপিআইএম। এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি বন্ধ, প্রকৃত বাদ পড়া ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং ট্রাইবুনালের কাজ দ্রুত শেষ করতে অতিরিক্ত বিচারক নিয়োগের দাবিতে এদিন সরব হন দলের নেতৃত্ব ও কর্মীরা।
এদিন দুপুরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে গঙ্গারামপুর বিডিও অফিসে পৌঁছায়। সেখানে বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেন সিপিআইএমের প্রতিনিধিদল।
সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ ভোটারদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঘটনাও ঘটছে। তাই অবিলম্বে বাদ পড়া প্রকৃত ভোটারদের নাম তালিকাভুক্ত করা এবং এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান তাঁরা।
এছাড়াও ট্রাইবুনালে জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে অতিরিক্ত বিচারক নিয়োগের দাবি তোলেন বাম নেতৃত্ব। পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে আরও একাধিক স্থানীয় ও জনস্বার্থমূলক দাবি সম্বলিত স্মারকলিপিও বিডিও-র হাতে তুলে দেওয়া হয়। সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা ও সিপিআইএমের গঙ্গারামপুরের সিপিএম নেতা অচিন্ত্য চক্রবর্তীরা বলেন,”দাবি আদায়ের আন্দোলন আমাদের আরো আগামীতে বৃহত্তর হবে।”
ডেপুটেশন কর্মসূচিতে সিপিআইএমের একাধিক জেলা ও স্থানীয় নেতৃত্ব, অচিন্ত্য চক্রবর্তী,পার্থ সরকার,সুবীর দাস সহ বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।পুরো কর্মসূচি ঘিরে বিডিও অফিস চত্বরে পুলিশ মোতায়েন ছিল এবং শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়।