জবা রায়ের স্মৃতিকে শ্রদ্ধা, পরিবারের পাশে বিজেপি যুব মোর্চা
শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৪ মে দক্ষিণ দিনাজপুরঃ-
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার শিংফরকা গ্রামে গিয়ে জবা রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাল দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা।বৃহস্পতিবার সকালে বিজেপি যুব মোর্চার দক্ষিণ দিনাজপুর জেলা সহ-সভাপতি সৌরভ মল্লিক রায়, অফিস সম্পাদক সুজিত সরকার সহ একাধিক যুব মোর্চা কর্মী ও সদস্যরা জবা রায়ের বাড়িতে পৌঁছন। সেখানে জবা রায়ের ছবিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন নেতৃত্বরা।
উল্লেখ্য, কয়েক বছর আগে শিংফরকা গ্রামের তরুণী জবা রায়কে ধর্ষণের পর খুন করে পুনর্ভবা নদীর ধারে দেহ ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এলাকায়।সেই ঘটনার স্মৃতি এখনও ভুলতে পারেননি পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার যুব মোর্চার এই উদ্যোগে আবেগঘন পরিবেশ তৈরি হয় এলাকায়।
এদিন জবা রায়ের বাবা, মা ও বড় বোন উপস্থিত ছিলেন।পাশাপাশি এলাকার বহু মানুষও সেখানে জড়ো হন। পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের মানসিকভাবে শক্ত থাকার বার্তা দেন বিজেপি যুব মোর্চার নেতৃত্বরা।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সৌরভ মল্লিক রায় বলেন, “জবা রায়ের স্মৃতিকে সম্মান জানাতে এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিতেই আমরা এখানে এসেছি।আমরা অতীতেও তাঁদের পাশে ছিলাম, আগামীতেও থাকব।”
বিজেপি যুব মোর্চার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁদের খোঁজখবর নেওয়ায় যুব মোর্চার সদস্যদের সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।






















