গঙ্গারামপুর পুরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ডিএমডিসি মোস্তাক আহম্মেদ

0
43

গঙ্গারামপুর পুরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ডিএমডিসি মোস্তাক আহম্মেদ
শীতল চক্রবর্তী বালুরঘাট ৩০ জুন।দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভায় প্রশাসক হিসেবে মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করলেন ডিএমডিসি মোস্তাক আহম্মেদ। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই নাগরিক পরিষেবা স্বাভাবিক ও সচল রাখার আশ্বাস দেন তিনি।
১৮ ওয়ার্ডের গঙ্গারামপুর পুরসভায় ২০২২ সালের পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ জয় পেয়েছিল। পরে এক কাউন্সিলরের মৃত্যু হওয়ায় ১৭ জন কাউন্সিলার নিয়ে বোর্ড চলছিল। চেয়ারম্যান ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র।
সম্প্রতি রাজনৈতিক পালাবদলের আবহে গঙ্গারামপুর পুরসভাতেও শুরু হয় ব্যাপক ভাঙন। চলতি মাসের ১৫ জুন জনকল্যাণ শিবিরে ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাসকে ‘চোর-চোর’ স্লোগানের মুখে পড়তে হয়। তার ২৪ঘণ্টার মধ্যেই একসঙ্গে ১০জন কাউন্সিলার পদত্যাগ করেন।পরে আরও তিনজন পদত্যাগ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ২২ জুন চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন প্রশান্ত মিত্র। ফলে মোট ১৪জন কাউন্সিলারের পদত্যাগে কার্যত অচলাবস্থা তৈরি হয় পুরসভায়। প্রয়োজনীয় সমর্থন না থাকায় নতুন বোর্ড গঠনও সম্ভব হয়নি। এরপর প্রশাসক নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়।
অবশেষে সোমবার রাজ্য সরকারের নির্দেশিকা জারি হওয়ার পর গঙ্গারামপুর পুরসভার প্রশাসক হিসেবে ডিএমডিসি মোস্তাক আহম্মেদের নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর বিজেপির জেলা সহ-সভাপতি অশোক বর্ধন ও গঙ্গারামপুর টাউন মণ্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। অন্যদিকে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক সুরজিৎ কুমার পুরকাইত, পুরকর্মী শ্যামল দাস-সহ অন্যান্য কর্মীরাও সরকারি ভাবে তাঁকে স্বাগত জানান। প্রশাসক মোস্তাক আহম্মেদ বলেন, “রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, নাগরিক পরিষেবা যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেটাই তাঁর প্রধান লক্ষ্য।” সমাজসেবী অশোক বর্ধন বলেন,”মানুষজন যেন সঠিক পরিষেবা প্রায় প্রশাসকের কাছে সেই দাবি রাখব।”