উত্তরবঙ্গে আধার পরিষেবার নতুন অধ্যায়, বালুরঘাটে প্রথম আধার সেবা কেন্দ্রের উদ্বোধন সুকান্তর হাত ধরে
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ জুন —–দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশ্বাস। আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা এবার মিলবে এক ছাদের নীচে। উত্তরবঙ্গে প্রথম আধার সেবা কেন্দ্রের সূচনা হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। মঙ্গলবার দুপুরে শহরের চকভবানী এলাকায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় , কুশমন্ডির বিধায়ক তাপস রায়, জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, পুলিশ সুপার অভিষেক গুপ্ত-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা।
উদ্বোধনী মঞ্চ থেকেই সুকান্ত মজুমদার বলেন, এটি পশ্চিমবঙ্গের ১৫তম আধার সেবা কেন্দ্র হলেও উত্তরবঙ্গে প্রথম। এতদিন আধারের বিভিন্ন সমস্যা নিয়ে অসংখ্য মানুষ আমার কাছে আসতেন। অনেক ক্ষেত্রেই সমাধানের পথ ছিল না। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের দরজা খুলে গেল। তাঁর দাবি, শুধু দক্ষিণ দিনাজপুর নয়, মালদা ও উত্তর দিনাজপুর-সহ বিস্তীর্ণ এলাকার লক্ষাধিক মানুষ এই কেন্দ্র থেকে উপকৃত হবেন। একই সঙ্গে পরিষেবা যাতে নিরবচ্ছিন্নভাবে চলে এবং কোনও প্রশাসনিক বা নিরাপত্তাজনিত বাধা না আসে, সে বিষয়ে জেলাশাসক ও পুলিশ সুপারকে বিশেষভাবে নজর রাখার নির্দেশও দেন তিনি।
UIDS পশ্চিমবঙ্গের ডিরেক্টর শুভজিৎ চৌধুরী জানান, জাতীয় ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকবে। আধারে নতুন নাম নথিভুক্তি, ঠিকানা বা মোবাইল নম্বর সংশোধন, বায়োমেট্রিক আপডেট-সহ সমস্ত ধরনের পরিষেবাই এখানে মিলবে।
বালুরঘাটে এই কেন্দ্র চালু হওয়াকে উত্তরবঙ্গের নাগরিক পরিষেবার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছে প্রশাসনিক মহল।























