সিধু-কানুর আত্মবলিদান স্মরণে তপনে সুকান্ত, হুলের চেতনায় নতুন প্রজন্মকে বার্তা
বালুরঘাট, ৩০ জুন — ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের দুই কিংবদন্তি নেতা সিধু ও কানুর আত্মত্যাগকে স্মরণ করে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের তপনে সাড়ম্বরে পালিত হল হুল দিবস। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু, কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়, জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি এবং পুলিশ সুপার অভিষেক গুপ্তা।
অনুষ্ঠানের শুরুতেই সিধু-কানুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অতিথিরা। পরে বক্তব্যে ড. মজুমদার সাঁওতাল হুলের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন,বক্তব্যে ড. মজুমদার সাঁওতাল হুলের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, সিধু-কানুর নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন কেবল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ছিল না, তা ছিল আত্মমর্যাদা, অধিকার এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক প্রকাশ। সেই সংগ্রামের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আজকের প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এদিন জেলার কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ইতিহাসের গৌরব, আদিবাসী সমাজের ঐতিহ্য এবং সংগ্রামের উত্তরাধিকারকে স্মরণ করেই শেষ হয় হুল দিবসের অনুষ্ঠান।























