ভয় আউট, ভরসা ইন এর বাস্তব ছবি! বালুরঘাটে ভেঙে গুড়িয়ে দেওয়া হল তৃণমূলের পার্টি অফিস
বালুরঘাট, ২৯ জুন —–বিজেপির প্রচারিত ভয় আউট, ভরসা ইন স্লোগানের বাস্তব প্রতিফলন দেখল কি বালুরঘাট? এই প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে শহরের ৩ নম্বর ওয়ার্ডের মিলন সংঘ পাড়া এলাকায়। রবিবার সকালে দখলদারির অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ভেঙে ফেললেন জমির দাবিদার অনিতা ঝা। পরে টিনের বেড়া দিয়ে জায়গার দখলও নেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অনিতা ঝার দাবি, তাঁর স্বামী চন্দ্রনাথ ঝার নামে ওই জমি রয়েছে। প্রথমে রক্তদান শিবির এবং পরে পিকনিকের আয়োজনের নাম করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জমিটি ব্যবহার শুরু করে। পরবর্তীতে সেখানে স্থায়ীভাবে দলীয় কার্যালয় গড়ে তোলা হয়। একাধিকবার প্রতিবাদ করেও কোনও সুরাহা হয়নি। এমনকি থানায় অভিযোগ জানিয়েও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ মেলেনি বলে অভিযোগ তাঁর। শনিবার লিখিত অভিযোগ জানানোর পর রবিবার সকালে তিনি নিজেই কার্যালয়টি ভেঙে ফেলেন এবং দলীয় পতাকাসহ অন্যান্য সামগ্রী সরিয়ে দেন।
ঘটনার পর স্থানীয়দের একাংশের দাবি, এতদিন রাজনৈতিক ভয়ের কারণে কেউ মুখ খুলতে পারেননি। এখন পরিস্থিতি বদলেছে বলেই প্রতিবাদের সাহস দেখাতে পেরেছেন জমির দাবিদার।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বালুরঘাট শহর তৃণমূল সভাপতি সুভাষ চাকি বলেন, দলীয় কার্যালয়টি কোনও ব্যক্তিগত জমিতে নয়, পিডব্লিউডির জমির উপর নির্মিত ছিল। বিজেপির মদতে নিয়মবহির্ভূতভাবে কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাঁর। পাশাপাশি তিনি দাবি করেন, যিনি কার্যালয় ভেঙেছেন, অতীতেও তৃণমূলের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী দাবিকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

























