খুচরো পয়সা জমা নিতে ব্যাঙ্কের অনীহা, আদালতে জয় পেপার বিক্রেতার

0
107

খুচরো পয়সা জমা নিতে ব্যাঙ্কের অনীহা, আদালতে জয় পেপার বিক্রেতার

ব্যাঙ্ককে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ জেলা ক্রেতা সুরক্ষা কমিশনের

বালুরঘাটঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা থাকা সত্ত্বেও খুচরো টাকা জমা নিতে অস্বীকার করেছিল ব্যাঙ্ক। সেই অভিযোগে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয় পেলেন বালুরঘাটের এক সংবাদপত্র বিক্রেতা। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রেতা সুরক্ষা কমিশন সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ব্যবসায়ী মাধব মৈত্রকে ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, ২০২২ সালের ১৯ ও ২০ ডিসেম্বর বালুরঘাটের সংবাদপত্র বিক্রেতা মাধব মৈত্র তাঁর ব্যবসার খুচরো টাকা জমা দিতে যান ইন্ডিয়ান ব্যাঙ্কের বালুরঘাট শাখায়। অভিযোগ, সেই সময় ব্যাঙ্ক কর্তৃপক্ষ টাকা নিতে অস্বীকার করে এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরপর বিভিন্ন দফতরে অভিযোগ জানান মাধববাবু। কনজিউমার অ্যাফেয়ার্স দফতরে অভিযোগের পরও সমস্যার সমাধান না হওয়ায় তিনি জেলা ক্রেতা সুরক্ষা কমিশনের দ্বারস্থ হন।

মামলাকারীর আইনজীবী শিবতোষ চ্যাটার্জি জানান, “সংবাদপত্র বিক্রি করেই মাধব মৈত্র জীবিকা নির্বাহ করেন। স্বাভাবিকভাবেই তাঁর কাছে প্রচুর খুচরো টাকা জমা হয়। অথচ ব্যাঙ্ক সেই টাকা নিতে অস্বীকার করে তাঁকে হয়রানি করেছে। দীর্ঘ শুনানির পর জেলা কমিশন উপভোক্তার পক্ষে রায় দিয়েছে।”

মাধব মৈত্র বলেন, “আমি সাধারণ মানুষের দেওয়া খুচরো টাকা ব্যাঙ্কে জমা দিতে গিয়েছিলাম। কিন্তু বারবার ফিরিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হই। অবশেষে ন্যায় বিচার পেলাম।”

এই রায়কে সাধারণ মানুষের অধিকারের লড়াইয়ের জয় বলেই মনে করছেন আইনজীবী ও স্থানীয়রা।