দেড় বছর ধরে মিলছে না খাবার! অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের,হাতজোড় করে কেঁদে ফেললেন দিদিমনি

0
101

দেড় বছর ধরে মিলছে না খাবার! অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের,হাতজোড় করে কেঁদে ফেললেন দিদিমনি

বালুরঘাট, ১১ মে —- দেড় বছর ধরে নাকি মিলছে না শিশু ও প্রসূতি মায়েদের খাবার! সেই অভিযোগ ঘিরেই সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের গুটিন ২০২ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ক্ষুব্ধ অভিভাবকদের বিক্ষোভ, ঘেরাও, চিৎকার— সব মিলিয়ে থমথমে পরিস্থিতি তৈরি হয় এলাকায়। শেষমেশ সংবাদমাধ্যমের সামনেই হাতজোড় করে ক্ষমা চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী বনশ্রী হালদার সরকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বর্তমানে ২৭ জন শিশু ও প্রসূতি মা নথিভুক্ত রয়েছেন। অভিযোগ, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মী বনশ্রী হালদার সরকার দীর্ঘদিন ধরেই নিয়ম মেনে পরিষেবা দিচ্ছেন না। কখনও দেরিতে কেন্দ্র খোলা, কখনও অনিয়মিত উপস্থিতি, আবার কখনও শিশুদের জন্য বরাদ্দ খাবার না দেওয়ার মতো একাধিক অভিযোগ জমতে থাকে অভিভাবকদের ক্ষোভের তালিকায়। পরিস্থিতি চরমে পৌঁছয় যখন কয়েক জন প্রসূতি মহিলা ও শিশুর পরিবার দাবি করেন, প্রায় দেড় বছর ধরে তাঁদের খাবার বন্ধ রাখা হয়েছে।
এই অভিযোগ সামনে আসতেই সোমবার সকালে একত্রিত হন গ্রামবাসী ও অভিভাবকেরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। উত্তেজনা বাড়তে থাকায় এলাকায় পৌঁছন কেন্দ্রের সুপারভাইজার বানি বসাক। তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
বিক্ষোভকারীদের মধ্যে সহেলী সরকার, পলি বর্মন ও মতি বর্মনেরা অভিযোগ করেন, “দিদিমনি নিজের ইচ্ছেমতো কেন্দ্র চালান। শিশুদের ঠিকমতো খাবার দেওয়া হয় না। বহুদিন ধরেই সমস্যা চলছে। বাধ্য হয়েই আজ প্রতিবাদে নামতে হয়েছে।
ঘটনার জেরে চাপে পড়ে যান অভিযুক্ত কর্মী বনশ্রী হালদার সরকার। পরে সংবাদমাধ্যমের সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে। আবেগপ্রবণ হয়ে কান্নাতেও ভেঙে পড়েন তিনি। যদিও তাঁর দাবি, অভিভাবকেরা যে অভিযোগ তুলছেন, তার অনেকটাই ভুল বোঝাবুঝি। তিনি নিয়ম মেনেই পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন।
অন্যদিকে সুপারভাইজার বানি বসাক বলেন, “একটা ভুল বোঝাবুঝি থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা বিষয়টি আলোচনা করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রয়োজন হলে উর্দ্ধতন কর্তৃপক্ষকেও জানানো হবে। তবুও এদিনের ঘটনার পর এলাকায় অঙ্গনওয়াড়ি পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।