কমিশনের ডিউটিতে তালাবন্ধ ব্যাঙ্ক! তিনদিন পরিষেবা স্তব্ধ, বিপাকে ১০ হাজার গ্রাহক
বালুরঘাট, ২১ এপ্রিল —– ভোট করাতে গিয়ে ব্যাঙ্ক বন্ধ! নির্বাচন কমিশনের কর্মী নিয়োগ ঘিরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নজিরবিহীন পরিস্থিতি। একসঙ্গে ১১ জন কর্মীর মধ্যে ১০ জনকেই ভোটের ডিউটিতে টেনে নেওয়ায় ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত তালা ঝুলছে একটি কৃষি সমবায় ব্যাঙ্কের তিনটি শাখায়। কার্যত স্তব্ধ ব্যাঙ্কিং পরিষেবা, চরম অনিশ্চয়তায় প্রায় ১০ হাজার গ্রাহক।
বালুরঘাট থানা সংলগ্ন ওই কৃষি সমবায় ব্যাঙ্কের শাখা রয়েছে তপন ও বুনিয়াদপুরেও। অথচ ভোট ডিউটির চাপে পরিষেবা চালানোর মতো কর্মী হাতে নেই। বাধ্য হয়েই নোটিশ ঝুলিয়ে ব্যাঙ্ক বন্ধের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর তা ঘিরেই তীব্র প্রশ্ন—ভোট পরিচালনার নামে কি জরুরি আর্থিক পরিষেবাকেও অচল করে দেওয়া যায়?
গ্রাহকদের অভিযোগ, কৃষিঋণ, আমানত, দৈনন্দিন লেনদেন থেকে জরুরি আর্থিক প্রয়োজন—সবই এখন অনিশ্চয়তার মুখে। ভোটের আবহে এমন প্রশাসনিক সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়েছে নানা মহলে।
ব্যাঙ্কের চিফ এক্সিকিউটিভ অফিসার নেপাল হালদারের বক্তব্য, নির্বাচন কমিশনকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু কর্মী ছাড়ের আবেদন খারিজ হওয়ায় উপায়ান্তর না দেখে বন্ধ রাখতে হয়েছে পরিষেবা।
নির্বাচনী তৎপরতার মাঝে এই ঘটনা নতুন বিতর্ক উসকে দিয়েছে—ভোটের স্বার্থে প্রশাসন কি সাধারণ মানুষের মৌলিক পরিষেবার কথা ভুলে যাচ্ছে? বালুরঘাটে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

























