শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ২১ এপ্রিল, দক্ষিণ দিনাজপুর।
বিধানসভা নির্বাচনের আবহে যখন জেলার বিভিন্ন হাসপাতালে তীব্র রক্ত সংকট দেখা দিয়েছে, ঠিক সেই সময় মানবিক দৃষ্টান্ত স্থাপন করল গঙ্গারামপুর শহরের সুপরিচিত সুস্পর্শ হেলথ কেয়ার ট্রাস্ট। সংস্থার উদ্যোগে গঙ্গারামপুর পুরসভার বিপরীতে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে আয়োজন করা হয় এক রক্তদান শিবির।
এই শিবিরে প্রায় ৫০ জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদান করেন। নির্বাচনের ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সারা বছর ধরেই তারা বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য কুসুম দাস, নীরেশ পাল, প্রণব সাহা, রাহুল আগরওয়াল সহ অন্যান্যরা।
সুস্পর্শ হেলথ কেয়ার ট্রাস্টের জেনারেল ম্যানেজার অনুপ সাহু বলেন,“হাসপাতালগুলিতে চলা রক্ত সংকট মেটানোর লক্ষ্যে এবং প্রতি বছরের মতো এবারও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কাজ আমরা অব্যাহত রাখব।”
এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। বহু মানুষ সংস্থার এই মানবিক প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। ভোটের আবহেও এমন সামাজিক দায়বদ্ধতার পরিচয় সমাজের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিল বলেই মনে করছেন অনেকে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর ভোটের মুখে মানবিক উদ্যোগ—রক্ত সংকট মেটাতে গঙ্গারামপুরে রক্তদান শিবির

























